মা-বাবার পাশে শায়িত হলেন এল কে সিদ্দিকী
মা-বাবার কবরের পাশে চির শায়িত হয়েছেন সাবেক ডেপুটি স্পিকার ও মন্ত্রী এল কে সিদ্দিকী। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জন্মস্থান সীতাকুণ্ডের দক্ষিণ রহমতনগরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হয়। এর আগে সীতাকুণ্ড উচ্চবিদ্যালয় মাঠসহ ঢাকা ও চট্টগ্রামে তাঁর ছয়টি জানাজা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার বেলা ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এল কে সিদ্দিকী ইন্তেকাল করেন।
১৯৩৯ সালে সীতাকুণ্ডের দক্ষিণ রহমতনগর গ্রামে এল কে সিদ্দিকী জন্মগ্রহণ করেন। দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদে তিনি সীতাকুণ্ড থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১-৮২ সালে বিদ্যুৎ, পানি উন্নয়ন ও বন্যানিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ২০০১ সালে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। এ ছাড়া, জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি, ভারতের সঙ্গে যৌথ নদী কমিশনের কো-চেয়ারম্যান, সরকারি হিসাব সম্পর্কিত কমিটির চেয়ারম্যান ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, কোষাধ্যক্ষ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দলের চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভাইস চেয়ারম্যান।