মা-বাবার ফেলে যাওয়া শিশুটির ফের অস্ত্রোপচার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা-বাবার ফেলে যাওয়া শিশুটির দ্বিতীয় দফা অস্ত্রোপচার হয়েছে। আজ শনিবার দুপুরে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল হক জানিয়েছেন, ‘শিশুটি ঝুঁকির মধ্যে আছে।’
গত ১৬ এপ্রিল অস্ত্রোপচারে শিশুটির জন্ম হয়। আশরাফ উল হক বলেন, জন্মের পর নবজাতকের ক্ষুদ্রান্ত্রে ত্রুটি ধরা পড়ে। জন্মের পর পর প্রথম দফায় একটি অস্ত্রোপচার হয়। তখন থেকেই শিশুটির বাবা ও মা শিশুটি ফেলে যাওয়ার পাঁয়তারা করছিল। এক সময় তারা শিশুটিকে ফেলে রেখে চলে যায়।
আজ শনিবার ২০৫ নম্বর ওয়ার্ডে শিশুটির খোঁজ নিতে গিয়ে জানা যায়, তাকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। পরে আশরাফ উল হক জানান, মেয়ে শিশুটির আগের অস্ত্রোপচারের স্থান থেকে রস ঝরতে দেখা যায়। তাই দ্বিতীয়বার অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। অস্ত্রোপচার করেছেন মাহবুবুল আলম ও সহদেব কুমার দাশ।
আশরাফ উল হক বিভাগীয় প্রধান জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে, তবে শিশুটি ঝুঁকির মধ্যে আছে। শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা খুবই জরুরি। আইসিইউতে কোনো শয্যা খালি পাওয়া যাচ্ছে না। হাসপাতালের পরিচালককে বিষয়টি জানানো হয়েছে।