মা-বাবার বিবাদ, বিপাকে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা তৌহিদুল হাসানের সঙ্গে আদিবা আনজুম ও আবুজার গিফারী। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
বাবা তৌহিদুল হাসানের সঙ্গে আদিবা আনজুম ও আবুজার গিফারী। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

বাবা-মায়ের মধ্যে কলহ, একপর্যায়ে বিচ্ছেদ। এরপর তিন সন্তানের দাবি নিয়ে মামলা। নির্বাহী আদালত তিন সন্তানকেই মায়ের কাছে থাকতে নির্দেশ দেন। কিন্তু ছেলেমেয়েরা কান্নায় ভেঙে পড়ে। তারা বাবাকে ছেড়ে যেতে চাইছিল না কিছুতেই। তৃতীয় দফার রায়ে সন্তানেরা ভাগাভাগি হয়ে গেল—২:১। বড় দুটি গেল বাবার সঙ্গে। মায়ের কাছে থাকল ছোটটি।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা হাকিমের (এডিএম) কার্যালয়ে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৪ মে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের তৌহিদুল হাসানের সঙ্গে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার থানাপাড়া এলাকার সানজিদা আফরোজের বিয়ে হয়। এই দম্পতির তিন সন্তান রয়েছে। বড় মেয়ে আদিবা আনজুম (১২) কুষ্টিয়া শহরের একটি বেসরকারি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। বড় ছেলে আবুজার গিফারী (৭) শিশু শ্রেণিতে পড়ে। ছোট ছেলে ওয়াসি হাসান ফারাবীর বয়স দুই বছর ৭ মাস।
ভালোবেসেই গাঁটছড়া বেঁধেছিলেন সানজিদা ও তৌহিদুল। কিন্তু বিয়ের এক যুগের মাথায় সেই ভালোবাসা ফিকে হয়ে যায়।
সানজিদা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী ও পরিবারের লোকজন তাঁর ওপর মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে তিনি ২০১৫ সালের নভেম্বরে বাবার বাড়ি চলে যান। তখন তিন সন্তানকেই আটকে রাখেন তৌহিদুল। ২০১৬ সালের আগস্টে তাঁর কাছে তালাকনামা পাঠানো হয়। কিন্তু তাতে তিনি কোনো সই করেননি।
তৌহিদুল বলেন, তিনি সানজিদাকে ফিরিয়ে আনতে কয়েকবার চেষ্টা করেছেন। কিন্তু ফেরানো যায়নি। পরে সামাজিকভাবে মিটমাটের চেষ্টা করেও ব্যর্থ হন। বাধ্য হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তালাকনামা পাঠান।
এদিকে সানজিদা গত সেপ্টেম্বরে দুটি মামলা করেন। ১ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় করা মামলায় তৌহিদুল, তাঁর মা ও বাবার বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগ করা হয়। এ মামলায় তৌহিদুল ২০ দিন কারাবাসের পর জামিন পান। ৭ সেপ্টেম্বর কুষ্টিয়া অতিরিক্ত জেলা হাকিম আদালতে করা মামলায় সন্তানদের কাছে নেওয়ার আবেদন করেন সানজিদা। দ্বিতীয় মামলায় ২৮ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেয় তৌহিদুলের পরিবার। সর্বশেষ গত মঙ্গলবার বেলা তিনটায় কুষ্টিয়ার নির্বাহী হাকিম আদালতের বিচারক সীমা শারমিন এক রায়ে তিন সন্তানকে মায়ের হেফাজতে দিতে নির্দেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচারকের এমন আদেশ শুনে বড় মেয়ে আদিবা কান্নায় ভেঙে পড়ে। তার দুই ভাইও কাঁদতে থাকে। তখন উপস্থিত সবার চোখে পানি চলে আসে। পুলিশ ওই শিশুদের মায়ের হেফাজতে দিতে গেলে আদিবা ও আবুজার বাবাকে জড়িয়ে আদালতের চেয়ার আঁকড়ে ধরে বসে পড়ে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরাও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।
এমন পরিস্থিতিতে বিকেল সাড়ে চারটায় আবার আদালত বসেন। একই বিচারক পুনরায় পৃথকভাবে সন্তান ও বাবা-মায়ের বক্তব্য শোনেন। আদালত আবার একই রায় দেন। তাতেও কোনো সুরাহা না হলে রাত সাড়ে আটটায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা হাকিম হাবিবুর রহমানের কক্ষে শুনানি শুরু হয়। শুনানি শেষে উভয় পক্ষের সম্মতিতে ছোট ছেলে ফারাবীকে মায়ের কাছে এবং আদিবা ও আবুজারকে বাবার হেফাজতে দেওয়ার নির্দেশ দেন বিচারক সীমা শারমীন। এ রায় শুনে ওই শিশুরা আবারও হাউমাউ করে কান্না শুরু করে। পুলিশ বিশেষ ব্যবস্থায় উভয় পক্ষকে আদালতের বাইরে নিয়ে যায়। কাঁদতে কাঁদতেই তারা আদালত ত্যাগ করে।
গতকাল বুধবার বিকেলে তৌহিদুলের বাড়িতে গিয়ে দেখা যায়, আদিবা তার দাদির সঙ্গে গল্প করছে। আবুজার বাড়ির উঠানে ক্রিকেট খেলছে। শিশু ফারাবীকে ফিরে পেতে বুক চাপড়ে কাঁদছেন তৌহিদুলের বোন জান্নাত আরা। নিঃসন্তান জান্নাতের কাছেই বেড়ে উঠেছে ফারাবী। আদিবা ও আবুজার বলে, তারা বাবার বাড়িতে বড় হয়েছে। এখন তারা বাবার কাছেই থাকতে চায়।
বাড়ির সামনে নিজেদের করাতকলে বসে ছিলেন তৌহিদুল। তিনি বলেন, ‘আমার জীবন নষ্ট হয়ে গেছে। সন্তানেরা যেখানে ভালো থাকবে সেখানে রাখতে চাই। তারা ভালো থাক, এটাই আমার চাওয়া।’
কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে থাকেন সানজিদা আফরোজ। এই প্রতিবেদক মুঠোফোনে যোগাযোগ করলে সানজিদা বলেন, ‘ভালোবেসে বিয়ে হয়েছিল। বিয়ের পর নির্যাতন করা হয়েছে। তখন আপনারা সাংবাদিকেরা কোথায় ছিলেন?’ তিনি আরও বলেন, ‘আমার সন্তানদের ওরা আটকে রেখেছে। ওরা টাকার বিনিময়ে সবকিছু করছে। আমি আবারও আপিল করব।’