মা-বাবার শাসন এড়াতে বাড়ি ছেড়েছিল তারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গত বুধবার নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রী ঢাকার সাভার উপজেলার নবীনগর থেকে উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, পড়াশোনার জন্য মা-বাবার শাসনে অতিষ্ঠ হয়ে তারা বাড়ি ছেড়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

ওই দুই ছাত্রী গোয়ালন্দ শহরের একটি সরকারি বিদ্যালয়ে সপ্তম ও অষ্টম শ্রেণিতে পড়ে।দুজনের বাড়ি যথাক্রমে শহরের ঘোষপট্টি ও দেওয়ানপাড়ায়।

সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বাবা গোয়ালন্দ শহরের হোটেল ব্যবসায়ী। তিনি জানান, গত বুধবার সকালে তাঁর মেয়ে বিদ্যালয়ে যায়। দুপুরের আগে বাসায় ফিরে সবার অগোচরে নিজের স্কুলব্যাগে প্রায় ৫০ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার ভরে নেয়। এরপর জরুরি কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়। বিকেল গড়ালেও বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে সে ঢাকার দিকে চলে গেছে। এরপর পুলিশকে মৌখিকভাবে জানানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, দুই শিক্ষার্থী বুধবার দুপুরে দৌলতদিয়া হয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে সাভারের নবীনগরে যায়। সেখানে রাতযাপনের জন্য একটি বোর্ডিংয়ে গেলে দুজনের বয়স কম হওয়ায় কর্তৃপক্ষ তাদের কাছে কক্ষ ভাড়া দেয়নি। পরে তারা জাতীয় স্মৃতিসৌধের পেছনে কুরগাঁও এলাকায় একটি কক্ষ ভাড়া নিতে সক্ষম হয়। একপর্যায়ে ওই বাড়ির অপর এক ভাড়াটিয়ার মাধ্যমে তাদের অবস্থান জানা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে গোয়ালন্দ ঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। গতকাল শুক্রবার সকালে তাদের গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসা হয়।

এদিকে বুধবার রাতেই পুলিশ দুই স্কুলছাত্রীর চার সহপাঠী ও নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রীর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এই চার সহপাঠীর সহযোগিতায়ই ওই দুজন এলাকা ছাড়ে বলে অভিযোগ রয়েছে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, এই নিখোঁজের ঘটনায় কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না, তা এখনো পরিষ্কার হওয়া যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই স্কুলছাত্রী বলেছে, অভিভাবকেরা পড়াশোনার জন্য প্রতিনিয়ত তাদের শাসন করতেন। বকাঝকা এড়াতেই তারা এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নেয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, তারা বুধবার দুপুরে ওই চার সহপাঠীর সহযোগিতায় এলাকা ছাড়ে। ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।