মা-বাবার সঙ্গে ঈদের বাজার করতে এসে প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মা-বাবার সঙ্গে ঈদের বাজার করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে দুই বছরের এক শিশু মারা গেছে। দুর্ঘটনায় তার বাবাসহ পরিবারের আরও চারজন আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত শিশুটির নাম শাওন। তার বাবার নাম মজনুর রহমান। বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাপাশিয়া এলাকায়।
এ দুর্ঘটনায় শিশুটির বাবা মজনুর রহমান (৪২), চাচি শাম্মি আক্তার (৪০), চাচাতো বোন সাবিয়া আক্তার (৬) ও আত্মীয় আমিরুল ইসলাম (২৫) আহত হয়েছেন। তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিশুটির আরেক চাচি নাসরিন বেগম জানান, তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে সকালে নগরের সাহেব বাজারে ঈদের কেনাকাটা করতে আসছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা নগরের চৌদ্দপাই এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে তাঁদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তাঁরা আহত হন। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।