মা-বাবার সামনে চাচা খুন করলেন কামরুলকে
সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামে ঘর থেকে বের করে কামরুল ইসলাম নামে এক যুবককে তাঁর মা বাবার সামনে রামদা দিয়ে কুপিয়ে খুন করলেন চাচা মইজ উদ্দিন। বাড়ির সীমানাসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল রোববার দুপুরে বিয়ানীবাজার পৌরসভার কসবা ফেরাই গোষ্টি এলাকায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘাতক মইজ উদ্দিন (৩৮) গতকাল বেলা দুইটার দিকে চাচাতো ভাই আবুল কালামের ছেলে মেধাবী ছাত্র কামরুল ইসলামকে (২০) ঘর থেকে ডেকে বের করে মা-বাবার সামনে ধারালো রামদা দিয়ে ঘাড়ে কোপ দেন। এতে সঙ্গে সঙ্গে কামরুল মাটিতে লুটিয়ে পড়লে স্বজনেরা তাঁকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি গত বছর বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মেধাবী ছাত্র কামরুলের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে। ঘাতক মইজ উদ্দিন সম্প্রতি ইংল্যান্ড থেকে দেশে এসেছেন। তিনি কসবা ফেরাই গোষ্টির মনজ্জির আলীর ছেলে।জানা যায়, দুই পরিবারের মধ্যে সীমানাসংক্রান্ত বিরোধ ছিল। সম্প্রতি ঘর নির্মাণের সরঞ্জাম উঠানে রাখাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল সকালে উঠান থেকে ইট সরানোর জন্য কামরুল হাসানের বাবা আবুল কালামের সঙ্গে মইজ উদ্দিনের বাগিবতণ্ডা হয়। দুপুরের মধ্যে ইট সরানো না হলে দেখে নেওয়ার হুমকি দেন ঘাতক মইজ উদ্দিন। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী। তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।