মা-বাবাসহ তরুণীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঁচলাইশের হাদু মাঝিপাড়া এলাকার প্রভাবশালী একটি পরিবারের বিরুদ্ধে এক দোকানি ও তাঁর স্ত্রী-কন্যাকে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ওই দোকানির কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার জের ধরে গতকাল রোববার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, আহত তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দোকানি বাবুলের হাত ও মুখ কেটে গেছে। তাঁর মেয়ের নাক ফেটে গেছে। প্রভাবশালী জাবেদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী ও পুত্রকে মারধর করে বাবুল ও তার পরিবার। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি হয়।’ তাঁর ছেলে হাবিল মেয়েটিকে উত্ত্যক্ত করেনি বলেও দাবি করেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরে হাদু মাঝিপাড়ার জাবেদ আলীর ছেলে হাবিল ওই মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। এসব ঘটনায় বাবুল র‌্যাবের কাছে একটি অভিযোগ দেন। এরপর হাবিল আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল বেলা দুইটার দিকে তরুণীর মা কর্মস্থলে যাচ্ছিলেন। পথে হাবিল তাঁকে গালাগাল করতে থাকেন। এর প্রতিবাদ করলে হাবিল ও তাঁর পরিবারের সদস্যরা ওই নারীকে মারধর শুরু করেন। তাঁকে বাঁচাতে তাঁর স্বামী ও মেয়ে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘ইভ টিজিংয়ের ঘটনা নিয়ে ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই নিয়ে পাল্টাপাল্টি মামলা হয়েছে। গতকালও এ নিয়ে মারামারি লাগে। এতে তরুণীর পক্ষ মার খায়। আমরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তারা থানায় এলে মামলা নেব।’জানা গেছে, মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় ওই দোকানি এর আগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মহল্লা কমিটির কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু হাবিলেরা কোনোবারই সালিসে উপস্থিত হননি।