মা বিদেশে, মেয়েকে ‘বেচে’ দিলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানদের সুখের আশায় মা গৃহকর্মীর কাজ নিয়ে গেছেন বিদেশে। এই ফাঁকে ১৩ বছর বয়সী কিশোরী-কন্যাকে বাবা যৌনপল্লিতে বেচে দেন। বিভিন্ন হাত গলিয়ে মেয়েটি রাজশাহীর এক দালালের কাছে আসে। সেই দালাল মেয়েটিকে বাসায় আটকে রেখে দেহব্যবসা করাচ্ছিলেন।গত সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা ওই কিশোরীকে উদ্ধার করেন। উপর্যুপরি নির্যাতনের শিকার হয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। মেয়েটির বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। তাকে রাজশাহী নগরের রাজপাড়া থানার টুলটুলিপাড়া এলাকার মাহতাব উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ মাহতাবের স্ত্রী ফিরোজা বেগম (৪০) ওরফে কাজল ওরফে রোকেয়াকে ৫৪ ধারায় আটক করেছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা বলেন, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কাছ থেকে ওই মেয়েকে জোর করে নগরের একটি বাড়িতে আটকে রেখে দেহব্যবসা করানোর খবর পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। দিল সেতারা বলেন, উদ্ধারের পর মেয়েটি তাদের কাছে বলেছে, প্রতিদিন দুই-তিনজন ছেলেকে তার ঘরে পাঠানো হতো। তাকে আটকে রাখা হয়েছিল। ওসিসিতে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমা খানম জানান, মেয়েটি বলেছে, তার মা লেবাননে গৃহকর্মী হিসেবে কাজে চলে যাওয়ার পর সে ও তার দুই ভাই বাবার সঙ্গে ছিল। একদিন তার বাবা তাকে একটি যৌনপল্লিতে বিক্রি করে দেন। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দেয়। বাবার অত্যাচারে বাড়িতে টিকতে না পেরে সে বাড়ি থেকে পালিয়ে আসে। মাস দেড়েক আগে ট্রেনে চেপে সে রাজশাহী স্টেশনে আসে। তার কাছে কোনো টাকাপয়সা ছিল না। কোথায় যাবে—তাও জানা ছিল না। এ সময় এক রিকশাচালক তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কথা বলে ফিরোজা বেগমের বাড়িতে দিয়ে আসে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, আপাতত ফিরোজা বেগমকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মেয়েটি সুস্থ হলে এবং ডাক্তারি পরীক্ষার পর তার জবানবন্দি নিয়ে ফিরোজার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা হবে।