মা বিষণ্নতামুক্ত হলে শিশুর বুদ্ধি বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষকেরা বলেছেন, মা মানসিক চাপে থাকলে বা বিষণ্নতায় ভুগলে তার প্রভাব পড়ে শিশুর ওপর। মানসিক চাপে থাকা মায়ের শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ যথাযথ হয় না। বিষণ্নতা দূর করলে মা শিশুকে প্রয়োজনীয় উদ্দীপনা দিতে পারে এবং শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষকেরা মানসিক চাপে থাকা বা বিষণ্নতায় ভোগা ৩০০ মায়ের ওপর গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে, মানসিক চাপমুক্ত হয়ে মায়েরা শিশুদের প্রয়োজনীয় উদ্দীপনা দিয়েছেন এবং শিশুদের যথেষ্ট বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটেছে। গতকাল রোববার আইসিডিডিআরবিতে আনুষ্ঠানিকভাবে এই গবেষণার ফল উপস্থাপন করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে প্রায় ২৫ শতাংশ প্রসূতি বিষণ্নতায় ভোগেন। এই ধরনের গবেষণা মায়ের বিষণ্নতা দূর করার পাশাপাশি বুদ্ধিমান জাতি গঠনে অবদান রাখবে।
এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন আইসিডিডিআরবির গবেষক ফাহমিদা তোফায়েল। তিনি প্রথম আলোকে বলেন, সাংসারিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, দারিদ্র্য, শারীরিক অসুস্থতা—এ রকম নানা কারণে মা মানসিক চাপে থাকেন। অন্যদিকে জন্মের পর থেকে জীবনের প্রথম ১০০০ দিন শিশুর বিকাশের গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে প্রয়োজনীয় উদ্দীপনা না দিলে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ পর্যাপ্ত হয় না। কিন্তু মানসিক চাপে থাকা বা বিষণ্ন মা এই প্রয়োজনীয় উদ্দীপনা দিতে পারেন না।
গবেষকেরা ঢাকার ধামরাই উপজেলার ৩০০ ‘বিষণ্ন’ মা ও তাঁদের শিশুদের ওপর এই গবেষণা করেছেন। শিশুদের বয়স ছিল ৭ থেকে ১২ মাসের মধ্যে। ৩০টি কমিউনিটি ক্লিনিকে এঁরা স্বাস্থ্যসেবা নিয়েছেন। এঁদের অর্ধেক মায়ের বিষণ্নতা দূর করার উদ্যোগ নেন গবেষকেরা। পরে গবেষকেরা তুলনা করে দেখেছেন, এঁদের শিশুরা বেশি উদ্দীপনা পেয়েছে।
ফাহমিদা তোফায়েল প্রথম আলোকে বলেন, চিকিৎসাশাস্ত্রে ‘বিষণ্নতা’র সংজ্ঞা অনুযায়ী এসব মাকে বাছাই করা হয়েছিল। শিশুদের ক্ষেত্রে ‘বুদ্ধিবৃত্তিক বিকাশের’ মানদণ্ড ব্যবহার করা হয়েছে।
গবেষকেরা বলেছেন, বিষণ্নতা দূর করার জন্য বা মায়েদের মানসিক চাপমুক্ত করার জন্য তাঁরা সহজ ও সাধারণ কিছু উদ্যোগ নেন। এর মধ্যে ছিল: মায়েদের সুন্দর ছবি দেখানোর মাধ্যমে খারাপ চিন্তা দূর করে সুস্থ চিন্তা করতে সহায়তা করা, মায়ের জন্য সামাজিক নেটওয়ার্ক তৈরি করা, ঘরের বা পরিবারের জিনিসপত্র দিয়ে শিশুর জন্য খেলনা তৈরি করা শেখানো।