মা, ভাই ও বোনকে হত্যা করেন 'খোকন রাজাকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী কলম শেখ (৬৫)। জবানবন্দিতে তিনি জাহিদকে ‘খোকন রাজাকার’ আখ্যায়িত করে বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে খোকন রাজাকার তাঁর মা, বড় ভাই ও এক বোনকে গুলি করে হত্যা করেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ কলম শেখের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান ও সাবিনা ইয়াসমীন।
নগরকান্দার বাসিন্দা কলম শেখ জবানবন্দিতে বলেন, একাত্তরের ৩০ মে তাঁদের গ্রামে (ঈশ্বরদী গ্রাম) খোকন রাজাকার দলবল নিয়ে এলে তিনি বাড়ির উত্তর দিকে একটি ঝোপের আড়ালে লুকান। এ সময় তাঁর মা বারু খাতুন, বড় ভাই সালাম, বোন ফুলমতি ও শ্রীমতি পালাতে থাকলে খোকন রাজাকার তাঁদের গুলি করেন। এতে তাঁর মা, বড় ভাই ও বোন শ্রীমতি ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান, ফুলমতি গুলিবিদ্ধ হন। রাজাকাররা চলে গেলে তিনি ঝোপের আড়াল থেকে বের হন। তিনি মা, ভাই ও এক বোনকে মাটি চাপা দিয়ে গুলিবিদ্ধ বোনকে চিকিৎসার জন্য বাদল ডাক্তারের কাছে নিয়ে যান।

জবানবন্দির এই পর্যায়ে সাক্ষী কেঁদে ফেলেন। জবানবন্দি শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়।

আরেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ: বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী সিকদার হাবিবুর রহমানের সাক্ষ্য গ্রহণ বন্ধ করেন। তাঁকে জেরার ধার্য দিনে আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী না থাকায় তাঁর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করা হয়।

আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ট্রাইব্যুনালে না আসায় গত কয়েক দিনে রাষ্ট্রপক্ষের ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করেন ট্রাইব্যুনাল। বারবার ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় গত বুধবার সৈয়দ মিজানুরের ওকালতনামা বাতিল করে ইউসুফকে নতুন আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল।