মা-মাছ ও পোনা অবাধে নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের হাওর ও মুক্ত জলাশয় থেকে অবাধে মা-মাছ ও পোনা নিধন করা হচ্ছে। স্থানীয় জেলেরা বিভিন্ন জাল দিয়ে এসব মাছ ধরছে। এতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন তিন সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২০ কেজি পোনা এবং একটি নিষিদ্ধ জাল জব্দ করে।

মৎস্য বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি ও হাইল হাওরসহ বিভিন্ন মুক্ত জলাশয় থেকে জেলেরা মা-মাছ ও পোনা শিকার করছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ মৌলভীবাজার সদর উপজেলার বড় হাওর এলাকায় অভিযান চালায়। তাঁরা একটি নৌকার পাটাতনের নিচে পানির মধ্যে সংরক্ষিত এবং হাঁড়িতে রাখা কই, শিং, মাগুর, টেংরা, পুঁটি, টাকি, শোলসহ বিভিন্ন জাতের মাছের প্রায় ১০ কেজি পোনা উদ্ধার করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম খান উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার পৌর এলাকার ব্যবসায়ী জুলফিকার আলী বলেন, ‘ব্যবসার কাজে আমি কয়েক দিন থেকে কাগাবলা ইউনিয়নের পুদিনাপুর বাজারে যাই। প্রায় প্রতিদিনই বিকেলবেলা প্রচুর পোনা মাছ বাজারে বিক্রি হতে দেখছি। এর মধ্যে বেশির ভাগই বোয়াল মাছের পোনা। এগুলো আকারে দুই-তিন ইঞ্চির বেশি হবে না। কিন্তু মৎস্য আইনে বড় জাতের মাছ আকারে নয় ইঞ্চির ছোট হলে তা ধরা বা বিক্রি করা যাবে না।’

মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকার শাহ অলিদুর রহমান জানান, শহরের দুটি বাজারেই কই, পুঁটি, টেংরা মাছের পোনা বিক্রি হচ্ছে। ৫ জুন ভ্রাম্যমাণ আদালত হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার দশঘরি এলাকায় অভিযান চালিয়ে একটি নিষিদ্ধ জাল জব্দ করেন। আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। আদালতের নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোহামঞ্চদ আমিনুর রহমান।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর, কুলাউড়া ও জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তিন সপ্তাহে ৪২০ কেজি পোনা জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪০০ কেজি পোনা মারা যাওয়ায় এগুলো স্থানীয়ভাবে ধ্বংস করা হয়। বাকি মাছ জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আহসান হাসিব খান জানান, জেলার সব হাওরে অভিযান চলছে। নিষিদ্ধ জাল, মা-মাছ ও পোনা জব্দ করা হচ্ছে। মা-মাছ ও পোনা না ধরার জন্য বিভিন্ন উপজেলায় মাইকিং ও উদ্বুদ্ধকরণ সভা করা হচ্ছে।