মা-মাছ ও পোনা জব্দ, জরিমানা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-কুলাউড়া সড়কের বিছরাকান্দি এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিষিদ্ধ বেড় জালে ধরা ২৫ ঝুড়ি মাছ জব্দ করা হয়েছে। পিকআপ ভ্যানে করে মাছগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত গাড়ির চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, হাকালুকি হাওরে নিষিদ্ধ জাল টেনে মাছ ধরে পিকআপে বোঝাই করে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের টহল দল মাছগুলো জব্দ করে। এ সময় গাড়িতে ২৫টি ঝুড়িতে বোয়াল, ঘাঘট, আইড়, ঘনিয়া, পাবদাসহ বিভিন্ন জাতের মা-মাছ ও পোনা পাওয়া যায়। পরে মাছ ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ সময় পিকআপের চালক বিধান দাসকে আটক করে জুড়ী থানায় সোপর্দ করা হয়।প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল বেলা ১১টার দিকে ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের তাঁর কার্যালয়ে ডেকে আনেন। আলোচনার একপর্যায়ে দুটি সংগঠনের নেতারা শ্রাবণ মাস (বৈশাখ থেকে শ্রাবণ মাস মাছের প্রজনন মৌসুম) পর্যন্ত মা-মাছ এবং পোনা পরিবহনে কোনো গাড়ি ভাড়া দেওয়া হবে না বলে লিখিত মুচলেকা দেন। এর পরিপ্রেক্ষিতে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া মৎস্য সংরক্ষণ আইনে চালক বিধান দাসের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, চালককে জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ বেড় জালে পোনা মাছ ধরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, এলাকার বিভিন্ন এতিমখানা ও দরিদ্র লোকজনের মধ্যে মাছগুলো বিতরণ করা হয়েছে। প্রজনন মৌসুমে মাছ ধরায় জড়িত কিছু ব্যক্তির নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।