
রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই সন্তান হত্যা মামলার একমাত্র আসামি মাহফুজা মালেকের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবির এ আদেশ দেন।
আসামি মাহফুজা মালেক গতকাল আদালতে রিমান্ডে তাঁর ওপর চাপ প্রয়োগের অভিযোগ করেন। তবে রাষ্ট্রপক্ষ বলেছে, তাঁকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।
পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল রামপুরা থানার পুলিশ আসামি মাহফুজা মালেককে ও মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।
মামলাটির নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয় পরিদর্শক লোকমান হেকিমকে। তিনি গতকাল আদালতে আসামির নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, জোড়া খুনের রহস্য উন্মোচনের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আবেদনে আরও বলা হয়, আসামি মাহফুজা মালেক তাঁর দুই সন্তান হত্যার ঘটনা স্বীকার করলেও তাঁর একার পক্ষে এ ঘটনা ঘটানো সন্দেহজনক। পুরো ঘটনাটি রহস্যজনক।
আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে বলেন, একজন মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামি মাহফুজা মালেক সন্তান হারানোর বেদনায় মানসিকভাবে অসুস্থ। আইনজীবীরা বলেন, আসামির চিকিৎসার প্রয়োজন। আসামি একজন মা। তাঁকে নতুন করে রিমান্ডে নেওয়ার কোনো উপাদান নেই। আইনজীবীরা রিমান্ড আবেদন নাকচ করে জামিন চান।
অপর দিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আসামি তদন্ত কর্মকর্তার কাছে সঠিক তথ্য দিচ্ছেন না। সন্তান দুটিকে কে কীভাবে মেরেছে, আর কেউ এই হত্যার সঙ্গে জড়িত আছে কি না, তা জানা প্রয়োজন। এই আসামি সম্পূর্ণ সুস্থ, তাঁকে রিমান্ডে নিয়ে কোনো চাপ দেওয়া হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত মাহফুজা মালেককে বিভিন্ন প্রশ্ন করেন। বিশেষ করে তাঁর ছেলে ও মেয়ে কোথায় পড়াশোনা করত, তাঁর বাড়ি কোথায়, রিমান্ডে তাঁকে কোনো নির্যাতন করা হয়েছে কি না, রিমান্ড আবেদনের ওপর কোনো কথা বলবেন কি না, তা জানতে চান। জবাবে মাহফুজা মালেক আদালতে বলেন, ‘রিমান্ডে আমার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে।’
গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় নুসরাত আমান ও আলভী আমান নামের দুই শিশু। এ ঘটনায় ওই দুই শিশুর মা মাহফুজা মালেক র্যাবের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের মাকে আসামি করে বাবা আমান উল্লাহ থানায় মামলা করেন। জিজ্ঞাসাবাদের জন্য ৪ মার্চ মা মাহফুজা মালেককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আদালত। পরে পুলিশ তাঁকে রিমান্ডে নেয়।
৬ মার্চ সন্ধ্যার পর এক আদেশে এই হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।