মা-মেয়ে অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শাঁখারীবাজারে কবিরাজ গলির একটি দোকানে গতকাল বৃহস্পতিবার সোনা গলানোর সময় আগুনের স্ফুলিঙ্গ গ্যাসের কৌটার সংস্পর্শে এলে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে লিপি বেগম (২৪) ও তাঁর দেড় বছরের মেয়ে রিয়া আক্তার দগ্ধ হয়েছে। মা-মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র বলেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে কবিরাজ গলির সাততলা একটি বাড়ির দোতলায় একজন কারিগর সোনা গলানোর সময় স্ফুলিঙ্গ গ্যাসের কৌটার সংস্পর্শে এলে বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় ওই দোকানের কাছে থাকা লিপি ও তাঁর মেয়ে রিয়া দগ্ধ হয়। আশপাশের লোকজন দগ্ধ মা-মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আগুন দোতলার কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন। লিপি বেগম নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় থেকে প্রতিদিন ঢাকায় এসে ভিক্ষা করেন। তাঁর স্বামীর নাম রাকিব মিয়া।
লিপি বেগম বার্ন ইউনিটে সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি ভিক্ষা করেন। বিকেলে কলা ও রুটি কিনে দোতলায় সোনা গলানোর দোকানের পাশে বসে খাচ্ছিলেন। এ সময় লম্বা একটি কৌটা বিস্ফোরিত হয়ে তাঁর শরীরে এসে পড়ে আগুন ধরে যায়।
চিকিৎসকেরা বলেছেন, আগুনে লিপির শরীরের ২৮ শতাংশ ও তাঁর মেয়ের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের শ্বাসনালি পুড়ে গেছে। মা-মেয়ের অবস্থা সংকটাপন্ন।
কবিরাজ গলির ক্ষুদ্র ব্যবসায়ী আশুতোষ ও রবীন্দ্রনাথ বলেন, দোকানিরা সোনা গলাতে দোকানে ছোট গ্যাস সিলিন্ডার ও কৌটায় গ্যাস রাখেন।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, আগুনের স্ফুলিঙ্গ গ্যাসভর্তি কৌটার সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। তখন এর পাশে থাকা গ্যাসভর্তি কৌটাগুলোতে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে।