মা-মেয়েকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদ
মাদারীপুরের রাজৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী মাবিয়া আক্তার (২২) ও তাঁর মা নাসিমা বেগমের (৪৫) ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজৈর ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়।
পরে কলেজসংলগ্ন সড়কে মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতারা অংশ নেন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন এবং অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।
গত ২৫ সেপ্টেম্বর ভোরে রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামে ঘরের টিনের বেড়া কেটে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় মাবিয়া আক্তার ও নাসিমা বেগমকে অ্যাসিড ছুড়ে মারে। বর্তমানে তাঁরা ঢাকার অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।