মা-মেয়েকে পেটালেন ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য গতকাল রোববার এক মা ও তাঁর মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছেন। তাঁদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলার সূত্রাপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করায় তাঁদের (মা-মেয়ে) বকাঝকা করা হয়েছে। মারধর করা হয়নি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভাউমান গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আনোয়ারের সঙ্গে পাশের গ্রামের এক প্রবাসীর স্ত্রীর পরকীয়া রয়েছে। আনোয়ার প্রায়ই তাঁর সমর্থক মো. সাহাবুদ্দিনের বাড়িতে ওই গৃহবধূকে নিয়ে এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতেন। সাহাবুদ্দিনের স্ত্রী (৩৫) ও তাঁর (স্ত্রীর) মা (৬০) গতকাল বেলা ১১টার দিকে আনোয়ারকে তাঁদের বাড়িতে এসে অসামাজিক কার্যকলাপ করতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আনোয়ারের সহযোগী দেলোয়ার হোসেন, রাজ্জাক মিয়া, রাজীব ও কাশিম উদ্দিন সাহাবুদ্দিনের বাসায় গিয়ে তাঁর স্ত্রী ও মাকে পিটিয়ে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা এসে মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।