মা-মেয়েসহ একই পরিবারের তিনজন খুন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোড়বাড়িয়া ইউনিয়নের দড়িবাড়ী গ্রামে গত বৃহস্পতিবার রাতে মা, মেয়ে ও নাতি ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ গৃহকর্তা আবদুল লতিফকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।
নিহতরা হলেন আবদুল লতিফের স্ত্রী জহুরা খাতুন (৫০), তাঁদের মেয়ে সীমা আক্তার (১২) ও নাতি ফারুক মিয়া (৬)।
আবদুল লতিফের বর্ণনার বরাত দিয়ে এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুল লতিফ বাড়ির কাজ সেরে আড্ডা দিতে বের হন। রাত সাড়ে আটটার দিকে তিনি বাড়িতে ফেরেন। এ সময় বাড়িতে কারও সাড়াশব্দ না পেয়ে তিনি রান্নাঘরে যান। সেখানে স্ত্রী, মেয়ে ও নাতিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। জহুরা খাতুন ও সীমা আক্তারকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়। নাতি ফারুক তখনো জীবিত ছিল। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, আবদুল লতিফ গ্রামের ক্ষুদ্র কৃষক। তাঁর দুই ছেলে ও চার মেয়ের মধ্যে নিহত সীমা আক্তার ছাড়া সবাই বিবাহিত। কাজের সুবাদে তাঁরা সবাই গাজীপুর ও সাভারে থাকেন।
প্রতিবেশীরা বলেন, আবদুল লতিফের সঙ্গে কারও বিরোধের কথা তাঁরা কখনো শোনেননি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা সেখানে খুনের কোনো আলামত না পেয়ে বাড়ির পাশে একটি পুকুরে তল্লাশি চালান। ওই পুকুরে পরিবারের ব্যবহূত দা খুঁজে পাওয়া যায়। এ ছাড়া আবদুল লতিফের ডান হাতের একটি আঙুল কাটা দেখা গেছে। এ ব্যাপারে আবদুল লতিফ বলেছেন, গত বুধবার ঘাস কাটতে গিয়ে তাঁর আঙুলটি কেটে গেছে।
নিহত ফারুক মিয়া আবদুল লতিফের বড় ছেলে আলমগীর হোসেনের ছেলে। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে আলমগীর বাড়িতে আসেন। তিনি এ হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেননি।
তবে জহুরা খাতুনের ভাই সোহরাব আলী অভিযোগ করেন, আবদুল লতিফ বেশ কিছুদিন ধরে তাঁর বোনের সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন। ১০-১২ দিন আগে তিনি জহুরাকে বালিশ চেপে মেরে ফেলতেও চেয়েছিলেন। এ খবর জহুরা তাঁকে (সোহরাব) মুঠোফোনে জানিয়েছেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, এ হত্যাকাণ্ড রহস্যজনক। আবদুল লতিফকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দাবি করেছেন, প্রতিবেশী আবদুর রহিমের সঙ্গে তাঁর জমিজমা নিয়ে বিরোধ আছে।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।