চার জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। গতকাল সোমবার ও গত রোববার রাতে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা ও মেয়ে এবং সদর উপজেলায় সহোদরসহ তিনজন প্রাণ হারিয়েছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিহত হয়েছেন জাসদের স্থানীয় এক নেতা। এ নিয়ে গত দুই মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৩৬ জন প্রাণ হারালেন।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল সোমবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, নাটোরের সিংড়া উপজেলার শংকর কুমার পাল তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে শাহজাদপুরে যাচ্ছিলেন। সকালে উপজেলার নেওরগাছা এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাঁর স্ত্রী চায়না রানী পাল (৩০) ও মেয়ে তুলি রানী (৬) নিহত হয়।
সিরাজগঞ্জ সদর থানার এসআই জয়দেব কুমার বলেন, গতকাল সকালে বনবাড়িয়ায় সিরাজগঞ্জ-কড্ডা সড়কে অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও চারজন আহত হন। পরে গুরুতর আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুই সহোদর মারা যান। নিহত ব্যক্তিরা হলেন কামারখন্দ উপজেলার দুই সহোদর মো. বেলাল হোসেন (৩২) ও আবদুস সোবহান (৩৫) এবং মো. আল আমিন (৩৫)।
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুস সালাম বলেন, বিকেলে একটি সিমেন্টবোঝাই ট্রাক ঝাঁঝর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাবার হোটেলের ওপর উঠে গেলে ট্রাক ও সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে হোটেলে থাকা দুজন নিহত ও ১০ জন আহত হন। নিহত আকলিমা বেগম (৫০) ঝাঁঝর এলাকার বাসিন্দা। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের লক্ষ্মীপুর এলাকায় রোববার রাতে সড়ক দুর্ঘটনায় শামছুল হক সরকার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশায় করে ময়মনসিংহ আসার পথে লক্ষ্মীপুর এলাকায় তিনি যাত্রাবিরতি করেন। এ সময় অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্ধকারে অপর একটি অটোরিকশা তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শামছুল হক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় গতকাল বাসচাপায় সীমা আক্তার (১৮) নামের এক পোশাকশ্রমিক নিহত হন। প্রত্যক্ষদর্শী বলেন, বিসিক শিল্প এলাকার একটি কারখানা ছুটি হওয়ার পর বিসিকের ভেতরে বিকেলে বাসে উঠতে গিয়ে নিচে পড়েন সীমা। ওই বাসের চাপায় তিনি ঘটনাস্থলে নিহত হন। চান্দগাঁও থানার এসআই রাজীব কান্তি দে বলেন, সহকর্মীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত পোশাকশ্রমিকেরা বাসটি ধাওয়া দিয়ে আটক করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন।