মা-মেয়ে-ছেলের পেশা মাদক ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে মা, পরে বড় মেয়ে, এর পর ছোট মেয়ে এবং শেষে ছোট ছেলে—এভাবে একই পরিবারের চারজন মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। গতকাল মঙ্গলবার হাতেনাতে ধরা পড়েন ওই চারজন। প্রায় ৫০ লাখ টাকার হেরোইনসহ তাঁদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি দল। পরে র‌্যাব ওই চারজনকে সংবাদ সম্মেলনে হাজির করে। পারিবারিকভাবে মাদক ব্যবসার কথা সংবাদ সমেঞ্চলনে তাঁরা অকপটে স্বীকার করেন। গ্রেপ্তার করা মা-মেয়ে-ছেলে হচ্ছেন: মাজেদা বেগম (৫০), মেয়ে বুলু বেগম (৩৫), শ্যামলী বেগম (২৬), ছেলে জালাল মিয়া (২৮) এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাবই গ্রামের সুদুর মিয়ার ছেলে ছমদ আলী (৪২)। বুলু ও শ্যামলীর স্বামীরাও মাদক ব্যবসায়ী। র‌্যাব জানায়, মা-মেয়ে-ছেলে চারজনের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। তাঁরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখলার একটি কলোনিতে সপরিবারে থাকেন। গতকাল বেলা একটায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকা থেকে একই পরিবারের চারজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার ৮০০ পুরিয়ায় ১০০ গ্রাম ও মজুদ করা ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার, হেরোইন মাপার নিক্তি, বাটখারা ও হেরোইন বিক্রির নগদ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল বেলা সাড়ে তিনটায় সিলেটের মেজরটিলায় র‌্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে র‌্যাব-৯-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাব্বির আহমদ সিদ্দিকী বলেন, সিলেটে পাঁচ থেকে ছয়জন পাইকারি হেরোইন ব্যবসায়ী আছেন। তাঁদের মধ্যে বুলু বেগম অন্যতম। গতকাল দুপুরে হেরোইন বিক্রির খবর পেয়ে র‌্যাব-৯-এর লেফটেন্যান্ট দেলোয়ার হোসেনের নেতৃত্বে এক দল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে ওই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেন।সংবাদ সমেঞ্চলনে মেজর শাব্বির আরও জানান, বুলু বেগম সিলেট জেলার ও সিলেট রেলস্টেশনের হেরোইন ব্যবসার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে থাকেন। গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের কাছ থেকে পুরিয়ায় ১০০ গ্রাম ও মজুদ করা ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়; যার বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। র‌্যাবের ভাষ্যমতে, সংবাদ সমেঞ্চলনে হাজির করা মাদক ব্যবসায়ীরা তাঁদের অপকর্মের কথা স্বীকার করে জানান, তাঁরা সিলেটে দীর্ঘদিন ধরে হেরোইন ব্যবসা করে আসছেন। বুলু বেগম বলেন, ভার্থখলা চান্দর বাড়ি থেকে শাহিন ও ফারুক নামের দুই ব্যক্তি তাঁদের কাছে বাকিতে হেরোইন বিক্রি করে থাকেন। তিনি হেরোইন বিক্রি শেষে বাকির টাকা পরিশোধ করেন। ৪০০ গ্রাম হেরোইন বিক্রি করলে তাঁর ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ হতো বলে জানান। র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গ্রেপ্তার করা ব্যক্তিদের র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে তথ্য নিয়ে মূল বিক্রেতা ফারুক ও শাহিনকে গ্রেপ্তার করা হবে।