সংগীতশিল্পী পূজা। ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার ২০০৮ সালে সেরা সাতে ছিলেন। মা প্রণীতা সরকার ক্ষুদ্র উদ্যোক্তা। আজ এই দুই প্রজন্মের মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা জানা যাক

১. পছন্দের খাবার...
পূজা: আমার সবচেয়ে পছন্দের খাবার নুডলস। এ ছাড়া ফুচকা আর আইসক্রিমও পছন্দ করি।
মা: ভাত, মাছ আর সবজি খাওয়া হয় বেশি। বাইরের খাবারের প্রতি কোনো আগ্রহ নেই।
২. পছন্দের পোশাক...
পূজা: পশ্চিমা ঢঙের যেকোনো পোশাকই ভালো লাগে। অনুষ্ঠানভেদে শাড়িও পরা হয়।
মা: শাড়ি পরতেই বেশি ভালো লাগে। তবে চলাফেরার সুবিধার জন্য সালোয়ার-কামিজই বেশি পরা হয়।
৩. ঘুরে বেড়াতে যেমন লাগে...
পূজা: বাবার চাকরির সুত্রে অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি। আর ইদানীং গানের কারণে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি। বেড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো লাগে কক্সবাজার।
মা: স্বামীর চাকরির জন্য দেশের অনেক জায়গায় ঘুরেছি। সবচেয়ে ভালো লেগেছে কক্সবাজার।
৪. প্রিয় শিল্পী...
পূজা: দেশ-বিদেশের অনেকের গানই খুব ভালো লাগে। এঁদের মধ্যে আছেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, শ্রেয়া ঘোষাল, সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, কনকচাঁপা ও ফেরদৌস আরা।
মা: আমি নিজেও একসময় গান করতাম। বিয়ের পর আর গানে নিয়মিত হতে পারিনি। তবে রুনা লায়লা, কনকচাঁপা ও ফেরদৌস আরার গান আমার দারুণ লাগে।
৫. অবসরে...
পূজা: বই পড়ি আর টিভি দেখি। টিভিতে গানের অনুষ্ঠান অনেক ভালো লাগে।
মা: খুব একটা অবসর পাই না। সময় পেলে টিভিতে নাটক দেখি।
৬. সংবাদপত্রে পছন্দের বিভাগ...
পূজা: আমাদের বাসায় প্রথম আলো আর ডেইলি স্টার রাখা হয়। প্রথম আলোর বিনোদন পাতাই বেশি পড়ি।
মা: প্রথম আলোর শুরু থেকেই সঙ্গে আছি। পত্রিকাটির সব বিভাগই বেশ ভালো লাগে।
সাক্ষাৎকার: মনজুর কাদের