মা-মেয়ে হত্যাকারীদের ধরতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাশপুরে গৃহবধূ ইয়াসমিন আলম (২৬) ও তাঁর শিশুকন্যা ইলিরা আলম ওরফে তানহা হত্যাকারী হিসেবে চিহ্নিত ইয়াসমিনের সৎ ছেলে ড্যানি বাবু ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কদমতলী থানা সূত্র জানায়, গত শনিবার রাতে জোড়া খুনের ঘটনায় গৃহবধূ ইয়াসমিনের ভাই মনির হোসেন বাদী হয়ে ড্যানি বাবুকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এতে ড্যানি বাবু, তার মা শাহনাজ ও ড্যানির দুই মামাকে আসামি করা হয়। থানা পুলিশের পাশাপাশি মামলাটি ডিবি তদন্ত করছে। পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গত শনিবার রাতে মা-মেয়ের লাশ মাতুয়াইল কবরস্থানে দাফন করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান প্রথম আলোকে জানান, থানা পুলিশের একাধিক দল আসামিদের গ্রেপ্তারে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালাচ্ছে। ড্যানি গ্রেপ্তার হলেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। ঘটনা ভিন্ন খাতে নিতে বাসায় টাকা ও অলংকার নিয়ে ডাকাতির নাটক সাজানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানান, ২০০৪ সালে ড্যানির মা শাহনাজের সঙ্গে তার বাবা প্রকৌশলী শাহ আলমের ছাড়াছাড়ি হয়। এর পর থেকে শাহনাজ তাঁর ভাইদের সঙ্গে মুন্সিগঞ্জে থাকতেন। কদমতলী থানার পলাশপুরে শাহ আলমের চার কাঠা জমি ছাড়াও চট্টগ্রামে তাঁর কোটি টাকার বাড়ি রয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রকৌশলী শাহ আলম শাহনাজকে বিয়ে করেছিলেন। তাঁর সঙ্গেও ছাড়াছাড়ি হওয়ার পর তিনি ইয়াসমিনকে বিয়ে করেন। ইয়াসমিন পলাশপুরের বাসায় তাঁর সন্তান তালহাকে নিয়ে থাকতেন। সিলেটের ছাতকের সিমেন্ট কারখানার প্রকৌশলী শাহ আলম কর্মস্থল থেকে মাঝেমধ্যে ঢাকার পলাশপুরের বাসায় আসতেন।তদন্তকারীরা আরও জানান, প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে শাহ আলমের যোগাযোগ না থাকলেও দ্বিতীয় স্ত্রীর ছেলে ড্যানি বাবুকে গ্রামের বাড়ি পিরোজপুরে রেখে তিনি তত্ত্বাবধান করতেন। ড্যানি বাবু পিরোজপুর স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা শেষে দেড় মাস আগে কম্পিউটার শেখার কথা বলে পলাশপুরের বাসায় ওঠে। গতকাল যোগাযোগ করা হলে প্রকৌশলী শাহ আলম প্রথম আলোকে বলেন, তিনি মনে করেন তাঁর ছেলে ড্যানি বাবু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে খুনের কারণ সম্পর্কে তিনি জানেন না বলে জানান। ডিবির সহকারী কমিশনার (এসি) গোলাম আজাদ খান বলেন, পলাশপুরের বাড়িটি গৃহবধূ ইয়াসমিনের নামে। হত্যাকাণ্ডের পেছনে একাধিক কারণ ছিল বলে মনে হচ্ছে। ড্যানির মাকে তালাক দেওয়ায় ড্যানি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। গত শুক্রবার রাতে কদমতলী পলাশপুরের নিজ বাড়িতে ইয়াসমিন আলম (২৬) ও তাঁর চার বছরের মেয়েকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়।