মা-মেয়েকে ধর্ষণের দায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মা ও মেয়েকে ধর্ষণের মামলায় চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়। আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

সাজা পাওয়া আসামিরা হচ্ছেন কোরবান আলী, রিদওয়ান রহমান, আবদুর রহিম ও রুবেল চৌধুরী।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৫ জুন রাত সাড়ে ১২টার দিকে সাতকানিয়া উপজেলার একটি বাড়িতে ঢুকে মা ও মেয়েকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরের দিন এ ঘটনার শিকার মা বাদী হয়ে সাতকানিয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ১২ ডিসেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ২০১৫ সালের ৯ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরেকজন আসামি আছে। তার বয়স কম হওয়ায় কিছুদিন আগে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গঠন করা অভিযোগ বিচারের জন্য শিশু আদালতে পাঠিয়ে দিয়েছেন। আসামিদের মধ্যে কোরবান আলী ও আবদুর রহিম হাজতে আছেন। বাকি দুজন পলাতক।