মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় মামলা নিল পুলিশ, গ্রেপ্তার ১
বগুড়ার শিবগঞ্জে মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় অবশেষে গত মঙ্গলবার মামলা নিয়েছে পুলিশ। এ ঘটনায় বখাটের বোন মালা রানী মোহন্তকে ওই দিনই গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বানাইল গ্রামের এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করেছিল বখাটে বিষ্ণুচন্দ্র মোহন্ত। ছাত্রীটি এই ঘটনার প্রতিবাদ জানায়। এতে খেপে গিয়ে ছাত্রী ও তার মাকে বিষ্ণু এবং তার পরিবারের সদস্যরা পেটায়। পরে ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মা প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় ছাত্রীটির বাবা রোববার সন্ধ্যায় শিবগঞ্জ থানায় বিষ্ণুসহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ অভিযোগটি মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে। এ ব্যাপারে মঙ্গলবার প্রথম আলোয় ‘উত্ত্যক্ত করার প্রতিবাদ করে মা-মেয়ে পিটুনির শিকার!’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।