মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের রুল, ওসিকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় এক মা ও তাঁর মেয়েকে থানায় ছয় দিন আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। একই সঙ্গে এ ঘটনায় নিজের ভূমিকা জানাতে কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১৬ অক্টোবর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), খুলনা অঞ্চলের উপমহাপরিদর্শক, কুষ্টিয়ার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও খোকসা থানার ওসিকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ২৮ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘৫৪ ধারা, খুনের মামলা, তার আগে মা-মেয়েকে আটকে রেখে নির্যাতন!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তা গতকাল আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ফাহিমা নাসরিন। তিনি আদালতে প্রতিবেদনটি পড়ে শোনান। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি ও সংশ্লিষ্ট থানার ওসিকে হাজির হতে নির্দেশ দেন।কুষ্টিয়ায় মানববন্ধন: প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি জানান, পুলিশ হেফাজতে মা ও মেয়েকে নির্যাতনের প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মডেল থানার সামনে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, নারী, ছাত্র ও সাংবাদিকদের সংগঠনের সদস্যরা অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসীন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, বাসদের কুষ্টিয়া জেলা সমন্বয়ক শফিউর রহমান, উত্তরণ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক তাজনিহার বেগম, স্থানীয় মানবাধিকার সংগঠন ফেয়ারের আইন কর্মকর্তা কামরুন্নাহার। মানববন্ধনে এসে একাত্মতা জানান কুষ্টিয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার আলী। প্রসঙ্গত, কুমারখালী উপজেলার তিন হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া পুলিশ গত ৯ সেপ্টেম্বর রাজবাড়ী শহরের বাসা থেকে এক বিধবা নারী ও তাঁর তরুণী মেয়েকে ধরে এনে টানা ছয় দিন আটকে রাখে। অভিযোগ উঠেছে, ওই সময় মা ও মেয়ের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। পরে ১৫ সেপ্টেম্বর তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায়। তাঁরা জামিনে মুক্ত হয়ে ২৬ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে গেলে তিন খুনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখায় পুলিশ। তাঁরা বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন দাবি করেন, মা-মেয়ের নির্যাতনের ঘটনায় কুষ্টিয়া জেলা পুলিশ কোনোভাবেই সম্পৃক্ত নয়।