মা-মেয়েকে পেটাল বখাটে
মহেশখালীতে বখাটে যুবক এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করেই ক্ষান্ত হয়নি, ওই স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার মাকে আহত করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে ফের হামলার হুমকি দিয়েছে ওই বখাটে। এ অবস্থায় ওই ছাত্রী প্রথম সাময়িকের বাকি পরীক্ষাগুলো দিতে পারবে কি না, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে তার পরিবার। ওই ছাত্রীর মা রাইছা খাতুন গত শনিবার সন্ধ্যায় মহেশখালী অফিসার্স ক্লাবে ইউএনও এটিএম কাউসার হোসেনের কাছে এ ব্যাপারে অভিযোগ করেছেন। মহেশখালী পৌরসভার চরপাড়া এলাকার বাসিন্দা রাইছা খাতুন (৩৫) জানান, তাঁর মেয়ে রাজমিন আক্তার (১৪) মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। মানুষের বাড়িতে কাজ করে তিনি মেয়েকে লেখাপড়া করাচ্ছেন। গত শনিবার দুপুরে রাজমিন প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে অশালীন কথা বলে উত্ত্যক্ত করে একই এলাকার বখাটে যুবক আবদুল গফুর। রাজমিন বাড়ি ফিরে এ কথা তাঁকে জানালে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে তাঁদের বাড়িতে হামলা চালায় এবং তাঁকে ও মেয়ে রাজমনিকে পিটিয়ে আহত করে। তাঁরা মহেশখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রাইছা খাতুন আরও জানান, প্রায় এক বছর ধরে স্কুলে যাওয়া-আসার সময় বখাটে আবদুল গফুর তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছে। এ নিয়ে গফুরের অভিভাবকদের কাছে নালিশ দিলেও কোনো কাজ হয়নি। রাজমিন আক্তার জানায়, ওই বখাটের কারণে বাকি পরীক্ষাগুলো দিতে পারব কি না, আশঙ্কা রয়েছে।এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে আবদুল গফুরকে পাওয়া যায়নি। আবদুল গফুরের বাবা রমিজ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করছি।’ মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার বলেন, ‘কেউ লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনও এটিএম কাউসার হোসেন জানান, ওই স্কুলছাত্রী ও তার মাকে মারধর করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।