মা-মেয়ের ওপর এসিড ছোড়ার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-মেয়ের ওপর এসিড ছোড়ার প্রতিবাদে ও এসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার বরগুনার সদর রোডে মানববন্ধন হয়েছে। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে বন্ধুসভার সদস্যরা এ কর্মসূচি পালন করেন। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।গত বুধবার রাতে শহরের লাকুরতলা এলাকায় গৃহবধূ রিমা আক্তার ও তাঁর আড়াই বছরের মেয়ে তামান্না আক্তারের ওপর তাঁর স্বামী মজিবুল হক এসিড ছোড়েন বলে অভিযোগ ওঠে।মানববন্ধনে বক্তারা অবিলম্বে বরগুনায় এসিডের ব্যবহার, বিক্রি ও বিপণন নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং মজিবুলকে গ্রেপ্তারের দাবি জানান। এতে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা মাসউদ সিকদার, মিজানুর রহমান, বন্ধুসভার সভাপতি গোলাম সরোয়ার প্রমুখ। এ সময় ব্র্যাকের সদর উপজেলার আইন সহায়তা কেন্দ্রের ব্যবস্থাপক সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন। রিমার মা মনোয়ারা বেগম জানান, ছয় মাস আগে প্রথম স্বামীর সঙ্গে রিমার ছাড়াছাড়ি হয়ে যায়। পরে সদর উপজেলার ফুলতলা গ্রামের মজিবুলের সঙ্গে রিমার বিয়ে হয়। বিয়ের পর রিমার প্রথম ঘরের মেয়ে তামান্নাকে মজিবুল তার বাবার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু রিমা এতে রাজি হননি। এ নিয়ে বেশ কয়েক দিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জের ধরে বুধবার রাতে মজিবুল মা-মেয়েকে লক্ষ্য করে এসিড ছোড়েন। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাধীন।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় মনোয়ারা বেগম মজিবুলকে আসামি করে মামলা করেছেন। মজিবুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।