মা-মেয়ের ওপর বর্বর নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের এক সংরক্ষিত নারী সদস্য ও তাঁর মাকে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতিত ওই নারী ইউপি সদস্য ও তাঁর মা অভিযোগ করেন, নারী সদস্যের স্বামী রিয়াজ হাওলাদার ও তাঁর দুই চাচাতো ভাই ও এক বন্ধু মিলে তাঁদের ওপর এই নির্যাতন চালান। গত রোববার রাত ১১টার দিকে কালমেঘা ইউনিয়নের মধ্য কূপধন গ্রামে রিয়াজ হাওলাদারের বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে একই ইউপির সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভীন মিজান বলেন, ‘সোমবার সকালে লিপি বেগম মুঠোফোনে আমাকে ঘটনাটি জানান। গতকাল দুপুরে মধ্য কালমেঘা গ্রামে ওই ইউপি সদস্যের মায়ের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের বসে আছেন তিনি।
নির্যাতনের শিকার নারী ইউপি সদস্যের মা জানান, জামাতা রিয়াজের সঙ্গে ঝগড়ার পর গত রোববার তাঁর মেয়ে তাঁদের বাড়িতে ফিরে আসে। ওই দিন রাতে মেয়েকে নিয়ে তিনি রিয়াজের বাড়িতে যান। রাত ১১টার দিকে রিয়াজ বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়িকে দেখে খুবই উত্তেজিত হয়ে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে শাশুড়ির সামনেই রিয়াজ তাঁর স্ত্রীর হাত-পা রশি দিয়ে বেঁধে লাঠিপেটা করতে করতে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন।
এ সময় শাশুড়ি বাধা দিতে গেলে রিয়াজের চাচাতো ভাই জুয়েল ও তাঁর বন্ধু হাসিব শাশুড়ির দুহাত ধরে রাখেন এবং জামাতা রিয়াজ শাশুড়ির মাথার চুলও কেটে দেন। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে উদ্ধার করেন।’
ওই ইউপি সদস্য কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এইটা আমাগো কপাল। জনপ্রতিনিধি হিসেবে এত দিন আমরা এলাকার নারী নির্যাতনের বিচার-সালিস করছি। আইজ আমাগো ওপর এই অন্যায়ের বিচার কে করবে?’
রিয়াজ হাওলাদারের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর ঘরটি তালাবদ্ধ।
প্রতিবেশী কয়েক জানান, রোববার রাতে স্ত্রী ও শাশুড়িকে মারধর ও চুল কেটে দেওয়ার পরপরই রিয়াজ ঘরে তালা দিয়ে কোথায় যেন চলে গেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে স্ত্রীর চুল কাটার ঘটনা স্বীকার করে রিয়াজ হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘যাতে ওর চেহারায় কোনো সৌন্দর্য না থাকে সে কারণে কয়েকটি চুল কেটে দিয়েছি। তবে আমার শাশুড়ির চুল কাটার ঘটনা সাজানো নাটক। এতটুকু করেছি আমার স্ত্রীর জন্য পথে-ঘাটে বিভিন্ন কথা সহ্য করতে না পেরে।’ তবে বেঁধে নির্যাতনের ঘটনা তিনি অস্বীকার করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. ইদ্রিস বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার নারী ইউপি সদস্য বাদী হয়ে গতকাল দুপুরে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।