মা-মেয়েসহ দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গত শনিবার যাত্রীবাহী বাসের চাপায় মা ও মেয়ে নিহত হন।গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর এলাকায় একটি পিকআপকে পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপের দুই যাত্রী মাছ ব্যবসায়ী উপজেলার চেংগাকান্দি গ্রামের আলম হোসেন (৪৫) ও চাঁদপুরের মতলব উপজেলার পশ্চিম শ্রীমর্দি গ্রামের অমল কুমার দাস (৪২) ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় শনিবার বিকেলে একটি যাত্রীবাহী বাসের চাপায় শোভা দাস (৩৫) ও তাঁর মেয়ে সুবর্ণা দাস (১০) মারা যান। শোভা দাস উপজেলার পত্তন গ্রামের শংকর দাসের স্ত্রী। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।