মা-মেয়েসহ নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নয়জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:ফুলবাড়ী (দিনাজপুর): ফুলবাড়ী-বিরামপুর সড়কের বারকোনা নামক স্থানে গতকাল শনিবার দুপুরে একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সুলতানা আক্তার (২৫) ও তাঁর মেয়ে সুমাইয়া আক্তার (১১) মারা গেছেন। তাঁদের বাড়ি উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): গতকাল সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পাশে গরুবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে গেলে আনিসুর রহমান (৩০) নামে এক গরু ব্যবসায়ী মারা যান। নিহতের বাড়ি কুড়িগ্রামের শিবরামে। বিকেলে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। রাজবাড়ী: শুক্রবার বালিয়াকান্দি পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আশিকুর রহমান (১৫) মোটরসাইকেল চালিয়ে বালিয়াকান্দি-নারুয়া সড়কের ওয়াপদা মোড়ে পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। মাধবপুর (হবিগঞ্জ): গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাসচালক নাছির মিয়া (৪০) ও চালকের সহকারী দুলাল মিয়া (৪৫) নিহত হন। আহত হয়েছেন ৫০ জন যাত্রী। নিহত চালকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ধরতলা গ্রামে এবং ও চালকের সহকারীর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।মিরসরাই (চট্টগ্রাম): বাসচাপায় আরিফ হোসেন (১০) নামে জোরারগঞ্জ আরফিন বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র মারা গেছে। গতকাল জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। আরিফ ওই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। আরিফ মধ্যম সোনাপাহাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে।