মা-মেয়েসহ পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
খালার কুলখানি খেয়ে বাড়ি যাওয়ার পথে মা-মেয়েসহ দাউদকান্দি ও তিতাসে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়।পুলিশ, প্রত্যক্ষদর্শী, আত্মীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-হোমনা সড়কে তিতাস উপজেলার তেগুরিয়াপাড়া নামের স্থানে বাঞ্ছারামপুর থেকে কেশবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও হোমনাগামী একটি নছিমনের (ট্রলি) মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশার যাত্রী বাঞ্ছারামপুর উপজেলার আশ্রুবাদ গ্রামের মজিবুর রহমানের মেয়ে তিশা (১১), তিতাসের পুরোনো বাতাকান্দি গ্রামের এম এল (২৫) ঘটনাস্থলে এবং নিহত তিশার মা আকলিমা আক্তার (৩০) ঢাকায় নেওয়ার পথে মারা যান। তিশার ছোট ভাই ইমান হোসেন (৪) গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকায় পাঠানো হয়।এদিকে ৯ অক্টোবর রাত নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ নামের স্থানে ঢাকা থেকে ফেনীগামী একটি খালি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে পিকআপের চালক সুমন (৩০) গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর গতকাল সকালে তিনি হাসপাতালে মারা যান। সুমনের বাড়ি ফেনী সদরে।