মা-মেয়েসহ প্রাণ গেল ২৪ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ ১২ জেলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে, শিশু, শিক্ষার্থীসহ ২৪ জন নিহত হয়েছেন। গত শনিবার রাত থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ৬৫ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৮৪।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
সিরাজগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জ-নলকা সড়কের শিলন্দা শিমুলতলা এলাকায় শনিবার রাতে অটোরিকশাকে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে মা-মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হন। তাঁরা হলেন ময়মনসিংহের তারাকান্দার কালিয়াকান্দা গ্রামের আবু কাওসার (২৯), কামারখন্দের মুগবেলাই গ্রামের ঊর্মি খাতুন (২০) ও তাঁর মেয়ে মোহিনী (দেড় বছর)। ওই দিনই সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের বালুকোল এলাকায় বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়।
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন। উত্তরায় শনিবার রাতে দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত হন এনজিও কর্মকর্তা আতিকুল ইসলাম (৩৮)। গতকাল সায়েদাবাদে বাসের ধাক্কায় প্রাণ হারান পরিচ্ছন্নতাকর্মী গোরমতী গুরিয়া (৫০)।
যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় পেট্রলপাম্পের সামনে শনিবার সন্ধ্যায় বাসের ধাক্কায় বাপ্পি হোসেন (১৫) নামের ইটভাটার এক শ্রমিক নিহত হয়। সে খুলনার পাইকগাছার গজালিয়া গ্রামের সুরত আলীর ছেলে।
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় গতকাল দুপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ট্রাকচালক ফরিদ উদ্দিন (৪৫) ও তাঁর সহকারী সুজন আলী (৩০) নিহত হন।
নওগাঁর পত্নীতলা উপজেলার হাড়ীপাড়া মোড়ে শনিবার রাতে ট্রাক্টরচালিত বালুবোঝাই ট্রলির সঙ্গে ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে রওশন আরা (৫০) নামের এক নারী নিহত হন। তিনি জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামের গুলবর হোসেনের স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজামারিয়াকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল সকালে পিকআপ ভ্যান ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মানিক মিয়া (২৬) ও যাত্রী আখতারুজ্জামান (৩০) নিহত হন। এ ব্যাপারে মামলা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নন্দন পার্কের সামনে গতকাল সকালে জিপগাড়ির চাপায় মিনি আক্তার (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘুলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল দুপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নয়ন মোল্লা (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। নয়ন কাশিয়ানী কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ পিকআপের চালককে আটক করেছে।
টাঙ্গাইলের ধনবাড়ির কুইচামারা সেতু এলাকায় গতকাল দুপুরে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন অটোরিকশাচালক ফরমান আলী (৩০) এবং দুই যাত্রী দুলাল হোসেন (৩০) ও জগৎজীবন রবিদাস (৫২)। তাঁদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার নান্দিনায়।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিমুলতলায় গতকাল দুপুরে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নুরনবী ইসলাম (২৭) নামের ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তিনি হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্ঘটনায় একজন নারী ও এক শিশু মারা গেছেন। গতকাল সকালে উপজেলার সাদা মসজিদ এলাকায় ট্রাকচাপায় নিহত হন খতবানু (৩৫)। অন্যদিকে বিকেলে ভূজপুর থানার নারায়ণহাট বাজার এলাকায় আনিকা (১০) নামের এক শিশু ট্রাকচাপায় নিহত হয়। তার বাড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের বাদুরখালী গ্রামে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল সকালে মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিল্লাল হোসেন (২৪), তাঁর বোনের স্বামী আবুল হোসেন (২৮), একই এলাকার সাফিয়া বেগম (৫০) ও নরসিংদীর রায়পুরার রাসেল মিয়া (৩০)। এর মধ্যে রাসেল মাইক্রোবাসের চালক। অন্য তিনজন ব্যক্তিগত গাড়ির যাত্রী।