মা-মেয়েসহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। মাগুরায় নিজের বিয়ের মিষ্টি কিনতে গিয়ে দাউদ হোসেন নামের এক প্রবাসী মারা গেছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মাগুরা: নিজের বিয়ের মিষ্টি কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দাউদ হোসেন (৩০) নামের এক প্রবাসী। মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়াড়া ঢালের কাছে গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, মাগুরা সদর উপজেলার ডেপুলিয়া গ্রামের দাউদ হোসেন আট বছর পর ঈদের সময় প্রবাস থেকে ফেরেন। কয়েক দিন আগে তাঁর বিয়ে ঠিক হয়। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নিজের বিয়ের মিষ্টি কিনতে মামাতো ভাই মোজাম্মেল হোসেনকে (২৮) সঙ্গে নিয়ে দাউদ মোটরসাইকেলে মাগুরা শহরে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি একটি যাত্রীবাহী বাসকে পাস কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে বাসের পেছনের চাকার নিচে চাপা পড়ে। এতে দাউদ হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং অটোরিকশার যাত্রী জাকির হোসেন (৪০) ও মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন।ভৈরব: গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের চালক কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর গ্রামের তৈয়ব মিয়া (৩৫) ও আরোহী একই গ্রামের শাহ আলম (২৫)। মোটরসাইকেলে করে তাঁরা নরসিংদী থেকে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটির সঙ্গে টমটমের সংঘর্ষের পর তাঁরা দুজন সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাক তাঁদের চাপা দেয়।কালিয়াকৈর (গাজীপুর): মঙ্গলবার দিবাগত রাত তিনটায় কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের চক্রবর্তী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন কাঁচামাল ব্যবসায়ী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়ার জান্নাহ গ্রামের সামছুল হক (৫০) ও একই এলাকার দুলাল হোসেন (৩০)।নীলফামারী: একটি পিকআপ ভ্যান নীলফামারী থেকে সৈয়দপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল ভোররাতে জেলা সদরের কাচারিতে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপে থাকা জেলা সদরের চাপড়া সরমজামী গ্রামের ফল ব্যবসায়ী আবুল কাশেম (৩৫) ঘটনাস্থলে মারা যান। শেরপুর (বগুড়া): বগুড়া-শেরপুর সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘোগা সেতুর ওপর থেকে খালে পড়ে যায়। এতে বাসযাত্রী সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বওলাতলা গ্রামের শাজাহান আলী মণ্ডলের ছেলে মুক্তাদির (১৬) মারা যায়। ওই দিন রাত সাড়ে ১১টায় সড়কের শেরুয়া এলাকায় বাসের ছাদের ওর থেকে পড়ে অজ্ঞাতনামা (৩২) এক যুবকের মৃত্যু হয়।চৌদ্দগ্রাম (কুমিল্লা): গতকাল উপজেলার মিয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুরে স্থানে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ঘোরাগোরা গ্রামের দুবাই-প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম (৩২) ও মেয়ে স্থানীয় নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুইটি (৮)।সাতক্ষীরা: মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পাইকগাছা-তালা সড়কের জাতপুর বটতলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত ও ৩০ জন আহত হন। নিহত ব্যক্তির নাম আবদুস সবুর গাজী (৬৫)। তিনি পাইকগাছা উপজেলার দেবদুয়ার গ্রামের বাসিন্দা।পটিয়া (চট্টগ্রাম): মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার-আরকান সড়কের পটিয়া আল্লাই ওখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় মোহাম্মদ রুবেল (১৬) নামের এক কিশোর মারা যায়। সে চন্দনাইশ উপজেলার কানাইমাদারী এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে।