টাঙ্গাইল, চাঁদপুর, রংপুরের কাউনিয়া ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ আটজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় গতকাল বুধবার ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামের আবুল হাসেমের স্ত্রী সালমা বেগম (২৬), তাঁর মেয়ে তানজিমা (৩) এবং নাটোরের বাগাতিপাড়া লক্ষ্মণহাটী গ্রামের মিজাত আলীর স্ত্রী রাশেদা খাতুন (৩৫) নিহত হয়েছে। চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চাঁদ খাঁর দোকান এলাকায় গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোচালক ইমন পাটওয়ারী (২০) ও যাত্রী আনিস (২০) নিহত হন। কাউনিয়া (রংপুর): রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ কৃষি কলেজের কাছে গতকাল বুধবার একটি ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আবদুল মতিন (৩৫) নিহত হন। কাউনিয়া-ভায়ারহাট সড়কের টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল মাদ্রাসার কাছে মঙ্গলবার ট্রাকের ধাক্কায় ভল্টু হোসেন (৩৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার মুসা মিয়া উচ্চবিদ্যালয়ের সামনে গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাস শ্যালোইঞ্জিনচালিত একটি টমটমকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে টমটমের যাত্রী আমির উদ্দিন (৩০) নিহত হন।