মা-মেয়েসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু
কুড়িগ্রাম সদরে গত শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ে মারা গেছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও সুনামগঞ্জ সদরে গত দুই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও দুজন মারা গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: নাজিরা ফকিরপাড়া গ্রামে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পাগলা মামুদের বাড়িতে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর স্ত্রী জুলেখা খাতুন (৪২) ও মেয়ে রুরী খাতুন (২০) মারা যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুরীর ভাই রিপন (আট মাস) ও রনী (৩) আহত হয়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের লাইনম্যান মো. জয়নালের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৫ এপ্রিল উপজেলার ধোপাঘাট এলাকায় ১১ হাজার কেভিএ সঞ্চালন লাইনে একটি বজ্রপাত প্রতিরোধক যন্ত্র স্থাপন করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সুনামগঞ্জ: শহরতলির ইব্রাহিমপুর গ্রামে গতকাল শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানা মিয়া (১২) নামে এক শিশু মারা গেছে। সে ইব্রাহিমপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে। রানা জুয়েল মিয়ার চালকলে শ্রমিক হিসেবে কাজ করত। শনিবার সকাল আটটায় কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।