মা-শিশু ও সমাজসেবায় স্বর্ণপদক পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ও শিশুদের কল্যাণ এবং সমাজসেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে দুই ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর দুই নম্বরে শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনের মিলনায়তনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পদকের জন্য মনোনীত ব্যক্তি ও সংস্থার প্রতিনিধির হাতে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও এক লাখ টাকার চেক তুলে দেন। আর পদক দেওয়া হয় শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ ও ডা. এম এর খান অ্যান্ড আনোয়ারা ট্রাস্টের পক্ষ থেকে।
বাংলাদেশে শিশুদের সার্বিক সেবা ও উন্নয়নের জন্য ইউনিসেফ এবং বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনকে (বিপিএ) শিশুবন্ধু গোল্ড মেডেল ২০১৬ দেওয়া হয়। তা ছাড়া চিকিৎসা ও সমাজসেবায় অবদান রাখার জন্য অধ্যাপক এম কিউ কে তালুকদারকে শিশুবন্ধু গোল্ড মেডেল ২০১৫ এবং প্রয়াত অধ্যাপক এস এম শাহনাওয়াজ বিন তাবিবকে (মরণোত্তর) শিশুবন্ধু গোল্ড মেডেল ২০১৬ পদকে ভূষিত করা হয়। শাহনাওয়াজের পক্ষে পদক গ্রহণ করেন তাঁর স্ত্রী সাবিনা বিলকিস।
এম কিউ কে তালুকদার শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনের আজীবন সদস্য ও প্রয়াত শাহনাওয়াজ বিন তাবিব শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ (আইসিএইচ) পরিচালক ছিলেন।
ইউনিসেফের পক্ষে স্বর্ণপদক গ্রহণ করেন ইউনিসেফের প্রতিনিধি লিয়েন কুপেন্স ও বিপিএর পক্ষে পদক গ্রহণ করেন বিপিএর মহাসচিব এম এ কে আজাদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় অধ্যাপক এম আর খান। স্বাগত বক্তব্য দেন শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা। আরও বক্তব্য দেন এম কিউ কে তালুকদার, লিয়েন কুপেন্স, এম এ কে আজাদ চৌধুরী ও শিশুবিশেষজ্ঞ মো. এখলাসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনের আইসিএইচের চিকিৎসক সানজানা জামান এবং এ কে এম সামছুজ্জামান।
পদক বিতরণ শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ ও শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন আইসিএইচের সব কার্যক্রমের প্রতিবেদনযুক্ত ইয়ার বুক-২০১৫-এর মোড়ক উন্মোচন করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, কর্মঘণ্টা শেষ হলেও রোগী সামনে পড়লে চিকিৎসককে চিকিৎসাসেবা দিতে হয়। চিকিৎসকেরা মানবদরদি ও সমাজসেবক। টাকার মূল্যে তাঁদের অবদান মাপা যায় না।
চাকরি থেকে অবসর নিয়ে অধ্যাপক এম আর খান তাঁর পেনশনের টাকা দিয়ে ১৯৯৩ সালে শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিদিন নয় শ থেকে এক হাজার শিশু মিরপুরের শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনে সেবা নেয়। ঢাকার বাইরে সাতক্ষীরা, কুষ্টিয়া ও টাঙ্গাইলে শিশুস্বাস্থ্য ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।