মা সমাবেশের নামে এশিয়া এনার্জির সমাবেশের চেষ্টা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিল্যাখুর এসএমআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের আড়ালে এশিয়া এনার্জি সমাবেশ করতে চাইলে এলাকাবাসীর বাধায় তা হয়নি। এ ঘটনায় প্রধান শিক্ষক মতিনুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শিশু-কিশোর লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও স্থানীয় কয়েকজন জানান, প্রধান শিক্ষক মতিনুর রহমান এশিয়া এনার্জির সঙ্গে গোপনে আঁতাত করে ওই বিদ্যালয়ে শিক্ষকদের নিয়ে বুধবার সমাবেশের আয়োজন করেন। বিষয়টি আড়াল
করতে বাৎসরিক মা সমাবেশের দিনটিকে বেছে নেওয়া হয়। জনগণের সঙ্গে প্রতারণা করে সমাবেশ করায় স্থানীয় লোকজন সমাবেশ পণ্ড করে দেয়।
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুর রাজ্জাক জানান, ওই বিদ্যালয়ে কোনো ধরনের সমাবেশের বিষয়ে প্রধান শিক্ষক তাঁকে কিছু জানাননি।
বি কাঁচদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল কাদির, চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল আলমসহ কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক মতিনুর একটি সেমিনারের কথা বলে তাঁদের মৌখিক আমন্ত্রণ জানান। পরে ওই বিদ্যালয়ে গিয়ে তাঁরা জানতে পারেন সেখানে এশিয়া এনার্জির সমাবেশ হবে।