মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০০৯ প্রতিযোগিতা
মা হওয়ার অনুভূতি লিখে আনন্দে ভাসলেন রাবেয়া ও সুমাইয়া
মা হওয়ার মধ্য দিয়ে নারীর জীবনে পূর্ণতা আসে। আর সেই মা হওয়ার অনুভূতির কথা লিখে মায়েরা পেলেন সন্তানের ভবিষ্যৎ লেখাপড়ার জন্য শিক্ষাবিমা। খুলনার রাবেয়া জামান প্রথম পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লাখ টাকার শিক্ষাবিমা। আর চাঁপাইনবাবগঞ্জের মা সুমাইয়া চৌধুরী দ্বিতীয় পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকার শিক্ষাবিমা পেয়েছেন।গতকাল শুক্রবার নগরের অভিজাত একটি হোটেলে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০০৯’ প্রতিযোগিতায় এই দুই মায়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় দুই মা একদিকে পুরস্কার পাওয়া, অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা অনেকটাই শেষ হওয়ায় আনন্দে ভাসছিলেন। বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রতিযোগিতার বিচারক রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এ সময় আরেকজন বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক শাহীন ইসলাম উপস্থিত ছিলেন। তবে অপর বিচারক চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা ছিলেন অনুপস্থিত।অনুষ্ঠানের শুরু থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মায়েদের মধ্যে ছিল তীব্র উত্তেজনা। কে হচ্ছেন সেরা বিজয়ী? এবারের আয়োজনের স্লোগান ছিল ‘কেমন ছিল প্রথম মা হওয়ার অনুভূতি’।স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘মায়েদের পুরস্কার পাওয়ার চেয়েও মায়েদের ব্যাপক অংশগ্রহণ ও অনুভূতি জানানোর বিষয়টি ছিল অনেক বড় পাওয়া।’ এবার প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর ওপর ভিত্তি করে সারা দেশের মায়েরা মা হওয়ার অনুভূতির কথা লিখে পাঠিয়ে এ কার্যক্রমে অংশ নেন। প্রতিটি বিভাগ থেকে বিচারকেরা প্রাথমিকভাবে ৫০ জনকে নির্বাচন করেন এবং সেখান থেকে পাঠানো চিঠির মান বিবেচনা করে শীর্ষ ১০ জন মাকে নির্বাচন করা হয়। তাঁরা পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেন।রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘মা হওয়ার অভিজ্ঞতা নারীকে পরিপূর্ণ করে। আমার ধারণা ছিল, সব মায়ের অভিজ্ঞতা হয়তো একই ধরনের। কিন্তু বিচারের জন্য মায়েদের পাঠানো চিঠিগুলো পড়ে বৈচিত্র্যের খোঁজ পাই।’ শাহীন ইসলাম বলেন, বিচারের বেলায় মায়েদের অনুভূতি বেশি গুরুত্ব পেয়েছে। লেখাগুলোতে মায়েদের ত্যাগ স্বীকারের কাহিনি ছিল। একই সঙ্গে সন্তানের ভবিষ্যৎ নিয়ে মায়েদের উদ্বেগের কথাও ছিল। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এবারের অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল দৈত্য ও পরির ব্যতিক্রমধর্মী নানা পরিবেশনা। ছিল বায়োস্কোপ, নাটিকা, বানরের খেলাসহ বিভিন্ন মজার পরিবেশনা।