মা হওয়ার দেড় ঘণ্টা পরই পরীক্ষা দিলেন তিনি
মা হওয়ার দেড় ঘণ্টা পরই এইচএসসি পরীক্ষা দিতে বসলেন তিনি। পরীক্ষা শেষ করে ফিরে গেলেন তাঁর নবজাতক কন্যাশিশুর কাছে। গতকাল সোমবার কিশোরগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এই সাহসী মায়ের নাম শায়লা শারমিন।পারিবারিক সূত্রে জানা গেছে, বিবাহিতা শায়লা কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের ছাত্রী। ওই কলেজের ছাত্রীনিবাসে থেকে তিনি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। শায়লা অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল সকালে হঠাৎ তাঁর প্রসব ব্যথা শুরু হয়। একপর্যায়ে তাঁকে শহরের মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সাড়ে আটটার দিকে এক কন্যাশিশুর জন্ম দেন শায়লা। গতকাল ছিল ব্যবসায়শিক্ষা দ্বিতীয় পত্রের পরীক্ষা। মা হওয়ার পর পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন শায়লা। কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজের পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছান তিনি। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে তা শেষ হয় দুপুর একটায়। ওই মা ও শিশুকল্যাণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক হোসনা বেগম বলেন, ‘আমার কর্মজীবনে এমন ঘটনা দ্বিতীয়টি আর দেখিনি। মানসিক দৃঢ়তার জন্যই শায়লা এমন দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন।’ পরীক্ষা শেষে শায়লা শারমিন তাঁর কন্যাশিশুকে নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নিজের গ্রামের বাড়ি চলে যান।