মা হওয়ার স্বপ্ন পূরণ হলো না কণিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর চারটি বছর পেরিয়ে গেছে। এখনো ‘মা’ হওয়ার স্বপ্ন পূরণ হয়নি গৃহবধূ কণিকা গাইনের (২২)। এ স্বপ্ন পূরণ করতে স্বামী-স্ত্রী মিলে চিকিৎসকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তাঁরা সাতক্ষীরা যাওয়ার জন্য শ্যামনগর বাসস্ট্যান্ডে আসেন। কিন্তু সাতক্ষীরা যাওয়া আর হয়নি। এর আগেই সেখানে ট্রাকের চাপায় প্রাণ হারান কণিকা। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তার ওপর গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে কণিকা ও দেবদাস সাতক্ষীরা যাচ্ছিলেন। শ্যামনগর বাসস্ট্যান্ড অতিক্রমের সময় সেখানে থাকা মোটরসাইকেল স্ট্যান্ডের দুই শ্রমিক চাঁদার জন্য তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় শ্রমিকেরা টানাহেঁচড়া করায় পেছনে বসে থাকা কণিকা মোটরসাইকেল থেকে পড়ে যান। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক কণিকাকে চাপা দেয়। এতে কণিকা ঘটনাস্থলেই মারা যান। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর তৈমুর ইলি জানান, ট্রাকটিকে চিহ্নিত করা হয়েছে।