মাংস বিক্রিতে গরমিল করায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি ও বেশি দামে বাসি-পচা মাংস বিক্রি করার অপরাধে রাজধানীর ফকিরাপুল, মালিবাগ ও মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজারের সাত ব্যবসায়ীকে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার র্যাব-৩ ও বিএসটিআই যৌথভাবে এই অভিযান চালায়।
র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফকিরাপুল বাজারের দুটি দোকানে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করা হচ্ছিল। প্রতি কেজির দাম নেওয়া হয় ৪৫০ টাকা। বিক্রেতা আমিনুল ইসলাম ও বরকত উল্লাহর স্বীকারোক্তির ভিত্তিতে তাঁদের যথাক্রমে ২৫ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে অতিরিক্ত দামে মাংস বিক্রি এবং ওজনে কম দেওয়ায় রাহাত হোসেন নামের আরেক বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মালিবাগ বাজারে খাসির বাসি-পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ী গোলাম মোস্তফাকে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।
এ ছাড়া মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজারে কয়েক দিনের বাসি মাংস অতিরিক্ত দামে বিক্রি করায় নবী হোসেনকে ১৫ হাজার, রিপনকে পাঁচ হাজার ও শাহ আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ওই বাজারের নষ্ট একটি ফ্রিজ থেকে কয়েক দিনের পুরোনো ৮০ কেজি মাংস জব্দ করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।