মাংস ব্যবসায়ীদের চার দিনের ধর্মঘট
মাংস ব্যবসায়ীদের ওপর পৌরসভার ধার্য করা বর্ধিত টোল কমানোর দাবিতে পশু জবাই বন্ধ করে চার দিনের ধর্মঘটে গেছে নীলফামারীর সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতি। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ওই ধর্মঘট।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধন শেষে ধর্মঘটের ওই ঘোষণা দেওয়া হয়। শহরের পাঁচমাথা মোড়ে গতকাল বেলা ১১টায় ওই কর্মসূচি পালন করা হয়।
সৈয়দপুর পৌরসভা এলাকার তিন শতাধিক মাংস ব্যবসায়ী দোকান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন। এ সময় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হাসান কোরায়শী। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. কালাম, সাধারণ সম্পাদক মো. ইসলাম, যুগ্ম সম্পাদক মো. নাদিম ওরফে ছোটকা, দপ্তর সম্পাদক ওয়াসিম, সদস্য নাদিম প্রমুখ।
বক্তারা বলেন, আশপাশের জেলাগুলোর পৌরসভা সেখানকার পশু জবাইয়ের টোল এখনো গরুপ্রতি ২০ ও ছাগলপ্রতি ১০ টাকা হারে আদায় করছে। সৈয়দপুর পৌরসভা গত আগস্ট মাসে হঠাৎ করে গরু জবাইয়ে ১০০ ও ছাগল জবাইয়ে ৫০ টাকা হারে টোল নির্ধারণ করেছে। এর আগে এ পৌরসভায় গরু জবাই বাবদ ১৫ টাকা ও ছাগলে ৫ টাকা হারে টোল নেওয়া হতো। টোল বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন মাংস ব্যবসায়ীরা। এ নিয়ে মাংস ব্যবসায়ীরা একাধিকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও কোনো সুরাহা পাননি। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তাঁরা।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পৌর এলাকায় পশু জবাই বন্ধ রাখার ওই ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে সমস্যা সমাধান না হলে ঈদের পর দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। তাঁরা আশা করছেন, এ বিষয়ে পৌর মেয়র অবশ্যই একটা সমাধানে আসবেন।
এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে গেজেট অনুযায়ী ওই টোল নির্ধারণ করা হয়েছে। কাজেই মাংস ব্যবসায়ীদের আন্দোলন যুক্তিহীন।