মাংস ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত রোববার ঢাকার মাংসের দোকানগুলো বন্ধ থাকে। কিন্তু আজ রোববার রাজধানীতে মাংস ব্যবসায়ী সমিতি ধর্মঘটের ডাক দিয়েছে। গাবতলী পশুর হাটের ইজারাদারের অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায় বন্ধের দাবিতে এই ধর্মঘট ডেকেছেন ব্যবসায়ীরা।
মাংসের দোকান বন্ধের দিনে ধর্মঘট ডাকার কারণ জানতে চাইলে মাংস ব্যবসায়ীরা বলেন, সারা বছরই রোববার মাংসের দোকান বন্ধ থাকলেও রমজান মাসে রোববার মাংসের দোকান খোলা থাকে। মাংস ব্যবসায়ী সমিতির হিসাবমতে, রাজধানীতে ছয় শতাধিক মাংসের দোকান আছে। গতকাল হাজারীবাগ জবাইখানায় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির এক যৌথ সভায় ব্যবসায়ীরা বলেন, গাবতলী হাটে গরুপ্রতি নিয়মিত খাজনা ৫০ টাকা নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু এ খাজনা ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, গরুপ্রতি ৫০ টাকা, মহিষ ৭০ টাকা আর ভেড়া ও খাসি ১৫ টাকা দরে খাজনা নির্ধারিত করা আছে। কিন্তু তারপরও অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। মাংস ব্যবসায়ীদের কাছ থেকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা জরিমানার নামে চাঁদা তোলা হচ্ছে।