মাংসের দাম নিয়ে অরাজকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাংস ব্যবসায়ীদের ছয় দিনের ধর্মঘট শেষ হয়েছে গত শনিবার। তবে গরুর মাংস নিয়ে অরাজকতা কাটেনি। উল্টো মাংসের দাম বেড়ে গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় মাংসের দাম বিভিন্ন রকম। এক কেজি গরুর মাংসের দাম কোথাও ৫৩০, কোথাও ৪৮০, কোথাও-বা ৪৬০ টাকা।
ধর্মঘটের আগে গরুর মাংসের প্রতি কেজির মূল্য ছিল ৪৪০ থেকে ৪৫০ টাকা। ধর্মঘট শেষ হওয়ার পর ইচ্ছেমতো দাম রাখা হচ্ছে। মাংস ব্যবসায়ীরা জানান, তাঁদের দাবিদাওয়ার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই তাঁরা এখন যেমন খুশি দাম রাখছেন।
এদিকে মাংসের বাজার নিয়ে অস্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা একে অপরকে দুষছেন। মাংস ব্যবসায়ীদের অভিযোগ, সিটি করপোরেশনের কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে ইজারাদারেরা পশুর হাটে নির্ধারিত খাজনার চেয়ে চার-পাঁচ গুণ আদায় করছেন। অন্যদিকে, ইজারাদার পাল্টা অভিযোগ করে বলছেন, মাংস ব্যবসায়ীরা হাট থেকে পশু কিনে হাটের বাইরে ক্রেতাদের কাছে সরবরাহ করে খাজনার টাকা থেকে কমিশন নিচ্ছেন। এতে ইজারাদারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
১৩ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট শুরু করে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। তাদের দাবির মধ্যে রয়েছে নির্ধারিত হারে খাজনা, বৈধভাবে ভুটান ও মিয়ানমার থেকে গরু আমদানি, ট্যানারি স্থানান্তর করে চামড়া বিক্রির সুযোগ ও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাউল ইসলাম ও প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলামের অপসারণ এবং গরু আনায় চাঁদাবাজি বন্ধ। এসব দাবি বাস্তবায়ন করা হলে ৩০০ টাকা দরে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা যাবে বলে জানিয়েছিলেন মাংস ব্যবসায়ীরা। ১৭ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট স্থগিত করেন তাঁরা। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে দাবিদাওয়া নিয়ে আলোচনার কথা থাকলেও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ না থাকায় কোনো সিদ্ধান্ত হয়নি।
বাণিজ্যসচিব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে প্রথম আলোকে জানান ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। তিনি অভিযোগ করেন, আশ্বাস পেলেও বাড়তি খাজনা আদায় করা হচ্ছে গাবতলীর গরুর হাট থেকে। ডিএনসিসির মেয়র আনিসুল হকের সঙ্গেও কোনো বৈঠক হয়নি তাঁদের। তাই বাড়তি দামে গরু কিনতে হচ্ছে। মাংসের দামও সে কারণে বেশি।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে কর্মরত সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুঁইয়া প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে সিটি করপোরেশন তার দায়িত্ব পালন করছে না। তাদের কারণেই আজ ভোক্তাদের কষ্ট হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষণ করা উচিত। পশুর হাটে গিয়ে পর্যবেক্ষণ দল সমস্যাগুলো খতিয়ে দেখতে পারে। পশু সরবরাহের বিষয়টিও নজরদারিতে আনা উচিত। যখন পশু বিভিন্ন জায়গা থেকে আনা হয়, তখন তল্লাশির নামে ব্যাপারীদের হয়রানি করা হয়। সেগুলোর বিষয়েও ব্যবস্থা নেওয়া উচিত। এখন মাংস ব্যবসায়ীরা ধর্মঘটের নামে উল্টো মাংসের দাম বাড়িয়ে দিয়েছেন।
নগরবাসী যেন কম দামে মাংস কিনতে পারে, সে জন্যই গরু, মহিষ ও ছাগলের খাজনায় ছাড় পান মাংস বিক্রেতারা। তবে এর সুবিধা নগরবাসীর মিলছে না। ফায়দা তুলছেন মাংস ব্যবসায়ীরা। এমনই মনে করেন ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ জন্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা সবার জন্য খাজনার হার ১ শতাংশের প্রস্তাব মেয়র আনিসুল হকের কাছে দেওয়া হয়েছে।
খাজনা পুনর্নির্ধারণের জন্য মাংস ব্যবসায়ী, ইজারাদার ও ডিএনসিসির একটি বৈঠক আগামী বুধবার অনুষ্ঠিত হবে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মুক্তবাজার অর্থনীতিতে সরবরাহ ঠিক থাকলে এক-দুই দিনের মধ্যে দাম এমনিতেই ঠিক হয়ে যাবে। হাসিলের মূল্য পুনর্নির্ধারণে বৈঠক ডাকা হয়েছে।