মাংসের দোকানে আগুন, দুজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্য বাড্ডা বাজারে একটি মাংসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন কর্মচারী দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই বাজারের ছাদেকুল মাংস বিতানে এই অগ্নিকাণ্ড ঘটে। 

দগ্ধ দুজন হলেন নাজমুল (২৬) ও ভুট্টো (৩৫)। তাঁদের দুজনের বাড়ি গাইবান্ধায়। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মাংস বিতানের মালিক ছাদেকুল প্রথম আলোকে জানান, নাজমুল ও ভুট্টো কোরবানির ঈদে কাজ করার জন্য কয়েকদিন আগে গাইবান্ধা থেকে ঢাকায় আসেন। গতকাল রাতে তাঁরা দোকানের ভেতরে কয়েল জ্বালানোর পর মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে কয়েল থেকে মশারিতে আগুন ধরে যায়। এতে ওই দুজন দগ্ধ হন। পরে দোকানের অন্য কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। ভোররাত সাড়ে চারটার দিকে নাজমুল ও ভুট্টোকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাশ জানান, চিকিৎসকেরা জানিয়েছেন নাজমুলের শরীরের ৫৫ শতাংশ ও ভুট্টোর শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে।