মাংসের নামে ‘বর্জ্য’ বিক্রি বন্ধে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির বিভিন্ন হাটবাজারে মাংসের নামে চামড়াশিল্পের বর্জ্য বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে বাবুছড়া নতুন বাজার থেকে ১৫ কেজি মাংস (বর্জ্য) উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলেছেন।১৯ মার্চ প্রথম আলোয় ‘মাংসের নামে “বর্জ্য” খাচ্ছেন আদিবাসীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন খাগড়াছড়ি জেলা প্রশাসকের সভাপতিত্ব জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় বিভিন্ন হাটবাজারে মাংসের নামে চামড়াশিল্পের বর্জ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।দীঘিনালার ইউএনও পি কে এম এনামুল করিম জানান, ২০ মার্চ অনুষ্ঠিত জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় মাংসের নামে বর্জ্য বিক্রির বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। পরে বিভিন্ন হাটবাজারে এই মাংস বিক্রি বন্ধে অভিযান পরিচালনা ও মাংসের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়।শান্তিমুনি চাকমা, অরিন্দ ত্রিপুরা, বধন চাকমাসহ কয়েকজন আদিবাসী জানান, আগে এগুলোকে মহিষের চামড়া মনে করে কিনে তরকারি হিসেবে রান্না করে খেতেন। প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীকে এ বর্জ্য না খাওয়ার পরামর্শ দিচ্ছেন।