অবরোধ-হরতালের ধাক্কা লেগেছে চট্টগ্রামের গরুর বাজারে। উত্তরবঙ্গ থেকে ভারতীয় গরু আসা কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ করতে পারছেন না ব্যাপারীরা। ফলে চট্টগ্রামের খুচরা বাজারে বেড়েছে মাংসের দাম।
অবরোধের পর চট্টগ্রামের খুচরা বাজারে হাড়বিহীন মাংস কেজিপ্রতি ৩৫-৪০ টাকা এবং হাড়সহ মাংসের দাম ২০-২৫ টাকা বেড়েছে। বাজারে গরুর সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়া মূল্যবৃদ্ধির কারণ বলে কসাইরা জানিয়েছেন।
চট্টগ্রাম অঞ্চলের মানুষের কাছে গরুর মাংস প্রিয় খাবার। তাই এই এলাকায় গরু সরবরাহও হয় বেশি। কিন্তু হরতাল-অবরোধের কারণে সেই সরবরাহে ভাটা পড়েছে। বিশেষ করে রাজশাহীর ভারতীয় সীমান্ত থেকে গরুর সরবরাহ একেবারে কমে গেছে। যার প্রভাব পড়েছে মাংসের বাজারে।
নগরের চকবাজারের কসাই কামাল হোসেন বলেন, ‘বাজারে গরু সরবরাহ কমে গেছে। তাই হাড়বিহীন মাংস প্রতি কেজি ৪০০ থেকে ৪১০ টাকায় বিক্রি করছি। এক মাস আগেও ৩৭০ টাকায় বিক্রি করেছিলাম। আর হাড়সহ প্রতি কেজি মাংসের দাম ২০-২৫ টাকা বেড়ে ৩২০ টাকা হয়েছে। সরবরাহে ঘাটতি থাকলে দাম আরও বাড়তে পারে।’
বেসরকারি চাকরিজীবী আসিফ চৌধুরী বলেন, ‘আমরা চাটগাঁর বাসিন্দা। যতই মুরগি বা মাছ থাকুক না কেন, গরুর মাংসের স্বাদ আলাদা। পাতে গরুর মাংস না থাকলে আমাদের চলে না। কিন্তু অবরোধের পর গরুর মাংসের দাম বেড়ে গেছে। চাকরিজীবী হিসেবে এই বাড়তি খরচ যেন আমাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা।’
কয়েকজন গরুর ব্যাপারী জানান, অবরোধ ও হরতালের মধ্যে নাশকতার ঘটনা উত্তরবঙ্গে বেশি ঘটছে। রাজশাহী ও বগুড়া এলাকায় গাড়ির ওপর হামলা হচ্ছে বেশি। এ কারণে ট্রাক ভাড়া ৫০ শতাংশের বেশি বেড়ে গেছে, যার প্রভাব বাজারে পড়েছে।
চট্টগ্রামের সাগরিকা গরু বাজারের ব্যাপারী আলী আকবর খান বলেন, ‘৩২-৩৩ হাজার টাকার ট্রাক ভাড়া এক লাফে ৪৮-৫০ হাজার টাকা উঠে গেছে। ভাড়া বেশি দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছে না। তাই চাহিদা অনুযায়ী আমরা চট্টগ্রামে গরু সরবরাহ দিতে পারছি না।’
গরুর ব্যাপারীরা জানান, অবরোধের আগে গড়ে প্রতিদিন ৩৫-৪০ ট্রাক ভারতীয় গরু নিয়ে রাজশাহীর সীমান্ত থেকে চট্টগ্রামের বাজারে আসত। এখন আসছে ২৫-২৬টি ট্রাক। কিন্তু ঝুঁকির কারণে সেসব ট্রাকেও গরুর সংখ্যা কমে গেছে।
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ বলেন, ‘উত্তরবঙ্গে গরু বা মালামাল পরিবহন ঝুঁকিপূর্ণ। এ কারণে ট্রাক ভাড়া ৫০ শতাংশের মতো বেড়েছে। তবে প্রশাসন আমাদের এখন যথেষ্ট সহযোগিতা করছে। বগুড়া-রাজশাহীতে নাশকতাকারীদের দমন করা গেলে গরু পরিবহন বাড়বে বলে আশা করছি।’