মাইক বাজিয়ে হাসপাতালে লাশ কাটা ঘর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল চত্বরে মঞ্চ বানিয়ে চলছে সমাবেশ। লাশ কাটা ঘর উদ্বোধনের জন্য এই আয়োজন। সেখানে মাইকে উচ্চ শব্দে চলছে বক্তৃতা। বক্তাদের মধ্যে রয়েছেন স্থানীয় সাংসদও। আবার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত চিকিৎসক, সেবিকাসহ সব কর্মকর্তা-কর্মচারী। এদিকে হাসপাতালে রোগীদের ত্রাহি অবস্থা।নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের মণ্ডলপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে গতকাল বুধবার দুপুরের চিত্র এটি। হাসপাতালে ‘শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক মর্গ হাউজ’ উদ্বোধনের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অর্থায়নে এবং গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে অর্ধকোটি টাকা ব্যয়ে এই মর্গ নির্মাণ করা হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান, জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইলিয়াছ আহমেঞ্চদ প্রমুখ। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান উপলক্ষে হাসপাতালের মূল ভবনের পেছনে লাগোয়া জায়গায় মঞ্চ বানানো হয়। সেখানে তিনটি মাইক বাজিয়ে এই অনুষ্ঠান হয়। মাইকের উচ্চ শব্দে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনেরা ভোগান্তিতে পড়ে। আবার সাংসদের অনুষ্ঠান বিধায় হাসপাতালের চিকিৎসক, সেবিকাসহ কর্মকর্তা-কর্মচারীর বেশির ভাগই ব্যস্ত ছিলেন অনুষ্ঠান নিয়ে। এ সময় চিকিৎসা না পেয়ে অনেক জরুরি রোগীকেও ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছেন তাঁদের স্বজনেরা।বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার বাসিন্দা মো. মাসুদ জানান, খেলতে গিয়ে তাঁর ছেলে আজমীর শরীফের (৬) পা ভেঙে যায়। হাসপাতালে এনে টিকিট কেটে দুই ঘণ্টা অপেক্ষা করেও জরুরি বিভাগে দেখাতে পারেননি। তাই ছেলেকে অন্য কোথাও নিয়ে যেতে হচ্ছে।পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয় সূত্র জানায়, ১৯৯৭ সালে প্রণীত পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, হাসপাতালের ১০০ মিটার ব্যাসার্ধ (চারপাশ) এলাকায় যানবাহনের হর্ন, লাউড স্পিকার, সংকেতবার্তা বাজানোও সম্পূর্ণ নিষিদ্ধ। হাসপাতালের তত্ত্বাবধায়ক সিভিল সার্জন দাবি করেন, অনুষ্ঠানের জন্য রোগীদের চিকিৎসাসেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। আর মাইক ঘোরানো ছিল হাসপাতালের বাইরের দিকে।