মাইকিং করে কার্ড ফেরতের আহ্বান
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সচ্ছল ব্যক্তিদের ১০ টাকা কেজি দরের চালের কার্ড ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। উপজেলার সয়ার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গত শনিবার মাইকিং করে এ আহ্বান জানানো হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী উপজেলার পাঁচটি ইউনিয়নের হতদরিদ্র মানুষের জন্য দুই দফায় ৯ হাজার ১১১টি কার্ড বরাদ্দ দেওয়া হয়।
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ২৫ জুলাই বরাদ্দ পাওয়া ৮ হাজার ১০৩টি কার্ডের তালিকা করেন পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। আর ৩০ আগস্ট দ্বিতীয় দফায় বরাদ্দ পাওয়া ১ হাজার ৮টি কার্ডের তালিকা করে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেত-কর্মীরা।
এ নিয়ে ১ নভেম্বর ‘তারাগঞ্জে কার্ড পেয়েছেন পাকা বাড়ির মালিক, সচ্ছল ব্যক্তিও’ শিরোনামে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা বলেন, প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সূত্র ধরে ওই দিনই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা ওই দিনই আলমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামে ঘুরে ১২টি কার্ড সচ্ছল ব্যক্তিদের বাড়ি থেকে উদ্ধার করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও তদন্ত কমিটির আহ্বায়ক আবদুল বাতেন বলেন, ‘প্রথম আলোতে প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়া গেছে। এরপর পাঁচ ইউপির চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম থাকলে তা বাদ দিয়ে দুস্থদের নাম অন্তর্ভুক্ত করার। আমার দপ্তরের সামনে অভিযোগ বক্স বসানো হয়েছে। যে কেউ অভিযোগ করতে পারেন। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সয়ার ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন আজম গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইউএনওর নির্দেশ পাওয়ার পর তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছি। বিত্তবান ও কার্ড পাওয়ার অযোগ্য ব্যক্তিদের কাছে কার্ড ফেরত চেয়ে গত শনিবার ৯টি ওয়ার্ডে মাইকিং করা হয়েছে। মাইকিং করার পর এ পর্যন্ত ২০ জন সচ্ছল ব্যক্তি কার্ড ফেরত দিয়েছেন।’