মাইকিং করে পত্রিকা বিক্রি করায় হকারকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশায় মাইকিং করে পত্রিকা বিক্রির সময় ছাত্রলীগের নেতারা গত শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে একজন হকার ও আরেজন অটোরিকশাচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। কমলগঞ্জ থানার পুলিশ গতকাল রোববার হকার আবদুল্লাহ খান ও অটোরিকশাচালক রাফন মিয়াকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতে পাঠায়।জানা যায়, ১৮ জানুয়ারি সিলেট বিভাগে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মৌলভীবাজারের পাঁচটি পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়। মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক মৌমাছি কণ্ঠ-এর ২৬ জানুয়ারির সংখ্যায় ‘পৌর নির্বাচনে মহাজোটের ভরাডুবির নেপথ্যে দলীয় সাংগঠনিক দুর্বলতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মৌলভীবাজারের হকার আবদুল্লাহ খান গত শনিবার সিএনজিচালিত একটি অটোরিকশায় মাইকিং করে মৌমাছি কণ্ঠ বিক্রি করছিলেন। এ সময় শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান অপু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোপাল বর্মা মনি স্থানীয় পশ্চিম বাজার থেকে আবদুল্লাহ ও রাফনকে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। এ ঘটনায় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিরা বিষয়টি সামাজিকভাবে সমাধান করে আবদুল্লাহ খান, রাফন মিয়া ও তাঁর অটোরিকশা ছাড়িয়ে নেওয়ার উদ্যোগ নেন। কিন্তু ছাত্রলীগের নেতাদের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। আরিফুজ্জামান বলেন, ‘এভাবে সংবাদ প্রকাশ ও মাইকিং করে পত্রিকা বিক্রি করা চিফ হুইপকে হেয় করার শামিল।’ তাই তিনি হকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের নেতারা যে কাজটি করেছেন, তা স্বাধীনভাবে সংবাদ প্রকাশে বাধার শামিল।’ কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন বলেন, আটক হকার ও চালকের বিরুদ্ধে কেউ মামলা দেয়নি। তা ছাড়া মামলার তেমন কোনো গ্রাউন্ড ছিল না বলেই তাঁদের ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠান।