মাইকিং করে মারামারি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরাতৈল গ্রামে গত সোমবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে মাইকিং করে মারামারি করার ঘটনায় ফারাজ আলী প্রামাণিক (৫৫) নামের একজন নিহত ও উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সুলতান মিয়া (১৯), শাহান আলী (৩৪), মুকুল মিয়া (২৫), আবদুল হাকিম (২২) ও লোকমান (২০)। শাহজাদপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য এবং পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে স্বরাতৈল গ্রামের মোল্লা ও ডোগলা গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় মোল্লা গোষ্ঠীর নেতৃত্বদানকারী আবুল হোসেনের সঙ্গে ডোগলা গোষ্ঠীর নেতৃত্বদানকারী নাসির উদ্দীন ও তাঁর লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে দুপক্ষে সংঘর্ষ হয়। এ ঘটনায় খালেক ও কালাম নামের দুজন আহত হন। পরে মধ্য রাত থেকে উভয় পক্ষ মাইকিং করে লোকজন জমাতে শুরু করে এবং ভোর রাতে উভয় পক্ষ লাঠিসোঁটা, সড়কি, ফালা, হাঁসুয়া ইত্যাদি নিয়ে মারামারিতে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী মারামারিতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে দুপুর দুইটার দিকে আহত ফারাজ আলী মারা যান। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন সরকার জানান, এ ঘটনায় মঙ্গলবার একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার দাফন করা হয়েছে।